উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও অন্যান্য স্থাপনায় ইরান এবং দেশটির সমর্থিত গোষ্ঠীগুলোর হামলায় অন্তত ২৬টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব স্থাপনায় মার্কিন সামরিক সরঞ্জাম ও সম্পদ রাখা ছিল। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে উঠে এসেছে, এখন পর্যন্ত এ ধরনের হামলার সংখ্যা ১১৫ ছাড়িয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, এপির বিশ্লেষণ অনুযায়ী মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুই ডজনের বেশি সামরিক ঘাঁটিতে হামলার ক্ষেত্রে ইরানের প্রধান লক্ষ্য ছিল আগাম সতর্কতাব্যবস্থা। এরপরই যুদ্ধবিমান ও ঘাঁটিগুলোর অন্যান্য অবকাঠামোতে হামলা চালানো হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে অন্তত ৩০টি হামলা চালিয়েছে ইরানি বাহিনী। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, এসব হামলায় ঘাঁটিটির অন্তত ১৫টি বিমান রাখার হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি কয়েকটি গুদাম এবং আবাসিক এলাকার কাছাকাছি অবস্থিত ১০টি ভবন ক্ষতিগ্রস্ত অথবা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
আরও
এপির পর্যবেক্ষণে বলা হয়েছে, ইরানের ধারাবাহিক এসব হামলায় উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামো উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েছে। হামলার মূল লক্ষ্যবস্তুর মধ্যে ছিল আগাম সতর্কতাব্যবস্থা, সামরিক বিমান এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা। সূত্র: ডন









