মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ সোহাগ গাজী নামের এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য এবং বালিথুবা পশ্চিম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার)। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কুয়েতের হাওয়ালি এলাকার সালমিয়ায় একটি খোলা পার্কিংয়ে সোহাগ গাজীর সন্দেহজনক গতিবিধি দেখে দায়িত্বরত টহল পুলিশের সন্দেহ হয়। এ সময় তাঁকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের সূত্র ধরে আবাসিক কক্ষে তল্লাশি চালিয়ে আইস ও সিসা জাতীয় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ। এ ছাড়া তাঁর কক্ষ থেকে মাদক পরিমাপের সূক্ষ্ম স্কেল ও মাদক সেবন ও বিক্রির নানা সরঞ্জাম জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে মাদক ব্যবসার কথা অকপটে স্বীকার করেছেন সোহাগ গাজী। তিনি জানিয়েছেন, মূলত ডিজিটাল বার্তার মাধ্যমে ক্রেতাদের নির্দিষ্ট স্থান বা লোকেশন জানিয়ে এসব মাদক সরবরাহ করতেন তিনি। এদিকে বালিথুবা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দীন স্বপন জানিয়েছেন, গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর আত্মগোপনে চলে যান সোহাগ। পরে একপর্যায়ে তিনি দেশ ছেড়ে কুয়েতে পাড়ি জমান। বিদেশে গিয়ে তাঁর এমন জঘন্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর খবরে নিজ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।











