কুয়েতে প্রাণহানি এড়াতে কঠোর অবস্থানে প্রশাসন। ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদের আকস্মিক অভিযানে হাসাবিয়া ও আব্বাসিয়া এলাকা থেকে বাংলাদেশিসহ বহু প্রবাসীকে সরিয়ে হাসাবিয়ার একটি স্কুলের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। সাম্প্রতিক দুর্ঘটনার পর অবৈধ আবাসন নিয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে দেশটি। আশ্রয়কেন্দ্রে থাকা প্রবাসীদের খাবারসহ প্রয়োজনীয় সুবিধা দিচ্ছে সরকার।
এমন পরিস্থিতিতে বাংলাদেশিদের পাশে দাঁড়িয়েছে দূতাবাস। মিশন প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান ও কাউন্সেলর শোয়াইব-উল-ইসলাম তরফদারের নেতৃত্বে প্রতিনিধি দল সরেজমিনে গিয়ে প্রবাসীদের খোঁজখবর নেন। কুয়েতি প্রশাসনের কড়া বার্তা, বৈধ কাগজপত্র যাচাইয়ের পর প্রবাসীদের ছাড়পত্র দেওয়া হবে, তবে অবৈধদের সোজা দেশে ফেরত পাঠানো হবে। আশ্রয়ে থাকারাও আপাতত বাইরে বের হতে পারছেন না।
কুয়েতজুড়ে এমন আরও সাঁড়াশি অভিযানের প্রস্তুতি চলছে। এই সংকটময় মুহূর্তে প্রবাসী বাংলাদেশিদের আবাসনসংক্রান্ত কাগজপত্র দ্রুত হালনাগাদ করার কড়া নির্দেশ দিয়েছে দূতাবাস। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে চলাচলের সময় বাধ্যতামূলকভাবে সিভিল আইডি বা বৈধ পরিচয়পত্র সার্বক্ষণিক সঙ্গে রাখার জরুরি আহ্বান জানানো হয়েছে।








![]kjhgfd](https://probashtime.net/wp-content/uploads/2026/07/kjhgfd.webp)
