Long Popup (2)
সর্বশেষ

জালিয়াতির অভিযোগে কুয়েতে ৫ বাংলাদেশি গ্রেপ্তার

ImageProbashircityWebPopupUpdate

কুয়েতে সরকারি রাজস্ব স্ট্যাম্প জালিয়াতি ও অবৈধভাবে বিক্রির অভিযোগে সংঘবদ্ধ চক্রের পাঁচ বাংলাদেশি সদস্যকে গ্রেপ্তার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রেসিডেন্সি অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশনস ডিপার্টমেন্টের দীর্ঘ নজরদারি ও গোপন অভিযানের মাধ্যমে তাঁদের আটক করা হয়। রাষ্ট্রীয় নথিপত্র জালিয়াতির এই ঘটনায় স্থানীয় প্রবাসী কমিউনিটিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এই চক্রটি অত্যন্ত সুসংগঠিতভাবে কাজ করত। তারা প্রথমে একটি হাসপাতাল থেকে সরকারি স্ট্যাম্পের আসল রোল চুরি করে। এরপর ল্যাপটপ, আধুনিক প্রিন্টার ও বিশেষ কাগজ ব্যবহার করে অবিকল জাল স্ট্যাম্প তৈরি করত। এসব জাল স্ট্যাম্প ৫ ও ১০ কুয়েতি দিনারের আসল মূল্যের চেয়ে কম দামে হাসপাতাল চত্বরসহ বিভিন্ন স্থানে প্রবাসী ও অন্যান্য প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে অবৈধভাবে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছিল তারা।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে জালিয়াতির কাজে ব্যবহৃত ল্যাপটপ, প্রিন্টার ও বিপুল পরিমাণ জাল স্ট্যাম্পসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়। জব্দকৃত এসব সরঞ্জাম ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটককৃত ওই পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রীয় রাজস্ব ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ এই চক্রের সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যোগসাজশ আছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখছে কুয়েত পুলিশ। পাশাপাশি সরকারি রাজস্ব ও নথিপত্র জালিয়াতির বিরুদ্ধে নিয়মিত এ ধরনের অভিযান এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছে কুয়েত সরকার।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate