সর্বশেষ

সেলফি তুলতে গিয়ে ১০ লাখ ডলার হারালেন আমিরাতি নারী!

YjugjjWeb Popup (3)

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে নিজ বাড়ির সামনে মাত্র ১০ সেকেন্ডের ব্যবধানে প্রায় ১০ লাখ ডলার মূল্যের বিলাসবহুল ব্যাগ, গয়না ও ঘড়ি চুরির শিকার হয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রসাধন বিশেষজ্ঞ ও ব্যবসায়ী ড. সুয়াদ লুতফি। গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, বাড়ি থেকে বের হওয়ার সময় দুই দুর্বৃত্ত কৌশলে তাঁর গাড়ি থেকে মূল্যবান জিনিসপত্রভর্তি একটি ব্যাগ চুরি করে পালিয়ে যায়। চুরি হওয়া সামগ্রীর আনুমানিক মূল্য ৩৬ লাখ ৭০ হাজার দিরহামের সমপরিমাণ।

ঘটনার সময় এক দুর্বৃত্ত নিজেকে ভক্ত পরিচয় দিয়ে ছবি তোলার কথা বলে ড. সুয়াদের সঙ্গে কথা বলতে শুরু করে। তাঁকে কথাবার্তায় ব্যস্ত রাখার সুযোগে অপর দুর্বৃত্ত গাড়ির দরজা খুলে মূল্যবান ব্যাগটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। আকস্মিক এ ঘটনায় কিছু বুঝে ওঠার আগেই মাত্র ১০ সেকেন্ডের মধ্যে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে, যার পুরো দৃশ্য বাড়ির নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়েছে। চুরি হওয়া সামগ্রীর মধ্যে হার্মিসের একাধিক বিলাসবহুল ব্যাগ, কার্টিয়ে এবং ভ্যান ক্লিফ অ্যান্ড আর্পেলসের গয়না ও কার্টিয়ের প্যান্থের আজুরে মডেলের একটি ঘড়ি রয়েছে।

চুরির কৌশল দেখে ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে। তবে ড. সুয়াদকে আগে থেকেই অনুসরণ করা হচ্ছিল, নাকি ঘটনাস্থলে সুযোগ বুঝে চুরি করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত তথ্য ও বিলাসবহুল জীবনযাপনের ছবি প্রকাশের নিরাপত্তাঝুঁকিকে নতুন করে সামনে এনেছে। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত পোস্ট, ছবির লোকেশন, ভ্রমণের আপডেট এবং দামি সামগ্রীর ছবি বিশ্লেষণ করে অপরাধীরা কোনো ব্যক্তির দৈনন্দিন চলাফেরা ও বাড়ি ফাঁকা থাকার তথ্য সহজেই সংগ্রহ করতে পারে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত অবস্থান, ভ্রমণের তথ্য ও মূল্যবান সম্পদের বিবরণ প্রকাশের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তাঁরা।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)