ওমানের জাতীয় দিবস উপলক্ষে দেশটির সঙ্গে একাত্মতা প্রকাশ করে উৎসবে শামিল হয়েছে উপসাগরীয় আরব দেশগুলো। প্রতিবছর ২০ নভেম্বর উদ্যাপিত এই দিবসটি ঘিরে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ভবন ওমানের জাতীয় পতাকার রঙে সাজানো হয়েছে এবং আয়োজন করা হয়েছে নানা উৎসবের।

সংযুক্ত আরব আমিরাতে সরকারি ও বেসরকারি উদ্যোগে নানা অনুষ্ঠানের মাধ্যমে ওমানের জাতীয় দিবস উদ্যাপন করা হয়। অন্যদিকে বাহরাইনে বিভিন্ন স্থাপনা ও ভবন ওমানের পতাকার রঙে আলোকিত করা হয়। ঐতিহাসিক ভ্রাতৃত্ববোধ, অভিন্ন মূল্যবোধ এবং দুই দেশের দৃঢ় দ্বিপক্ষীয় সম্পর্কের নিদর্শন হিসেবেই এই আয়োজন করা হয়েছে।
আরও
কুয়েতেও ওমানের জাতীয় দিবস উপলক্ষে বিশেষ আয়োজন দেখা গেছে। দেশটির ঐতিহ্যবাহী সুক আল-মুবারাকিয়ায় ওমানের পতাকা উত্তোলন করা হয়। দুই দেশের জনগণের মধ্যকার গভীর সৌহার্দ্য, সংহতি এবং উপসাগরীয় ভ্রাতৃত্বের প্রতিফলন হিসেবে এই কর্মসূচি পালিত হয়েছে।
একইভাবে সৌদি আরব ও কাতারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন ওমানের জাতীয় পতাকার রঙে সজ্জিত করা হয়। উপসাগরীয় দেশগুলোর মধ্যে দীর্ঘদিনের সুদৃঢ় ও গভীর সম্পর্কের বহিঃপ্রকাশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।









