ওমানের রাজধানী মাস্কাটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদির মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দ্বিপক্ষীয় এই বৈঠকে হরমুজ প্রণালিতে সামুদ্রিক চলাচলসহ সার্বিক আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
বৈঠকের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি জানান, উভয় দেশের মধ্যে বিরাজমান সম্পর্কের স্থিতিশীল গতিপথ নিয়ে তারা পর্যালোচনা করেছেন। পাশাপাশি ইরান ও ওমানের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও কীভাবে গভীর করা যায়, তার বাস্তবসম্মত উপায়গুলো নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এই বৈঠককে উত্তেজনা প্রশমনের ওপরও বিশেষ জোর দেওয়া হয়েছে।
আলবুসাইদি তাঁর পোস্টে আরও উল্লেখ করেন, অঞ্চলে চলমান উত্তেজনা হ্রাস এবং যেকোনো সংকটের শান্তিপূর্ণ সমাধানের সমর্থনে অব্যাহতভাবে সংলাপ ও আলোচনা চালিয়ে যাওয়ার গুরুত্ব পুনব্যক্ত করেছে উভয় পক্ষ। হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে দুই দেশের শীর্ষ কূটনীতিকদের এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।










