ইয়েমেনকে ঘিরে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা নতুন করে জোরালো হয়েছে, যা মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের উত্তেজনা বাড়িয়ে তুলছে। দীর্ঘদিন ধরে ইয়েমেনের গৃহযুদ্ধে মিত্র হিসেবে হস্তক্ষেপকারী এই দুই উপসাগরীয় শক্তি বর্তমানে ভিন্ন ভিন্ন প্রতিদ্বন্দ্বী পক্ষের পাশে অবস্থান নেওয়ায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।
সম্প্রতি দক্ষিণ ইয়েমেনে আমিরাত-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) ব্যাপক সামরিক তৎপরতা শুরু করলে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। এসটিসির অভিযোগ, তাদের নিয়ন্ত্রিত এলাকায় সৌদি সমর্থিত বাহিনী ও বিমানবাহিনী হামলা চালিয়েছে। এই ঘটনাকে তারা সরাসরি আগ্রাসন হিসেবে অভিহিত করেছে।
পাল্টা প্রতিক্রিয়ায় সৌদি আরব জানিয়েছে, দক্ষিণ ইয়েমেনে সাম্প্রতিক সামরিক অগ্রগতি তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। রিয়াদ একদিকে সব ইয়েমেনি পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানালেও, অন্যদিকে সামরিক অভিযান চালিয়ে যাওয়ায় দ্বন্দ্ব আরও প্রকাশ্যে এসেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
আরও
এদিকে সংযুক্ত আরব আমিরাত এসটিসিকে সক্রিয়ভাবে সমর্থনের অভিযোগ অস্বীকার করলেও ইয়েমেন থেকে তাদের অবশিষ্ট সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। তবে বিশ্লেষকদের মতে, বাস্তব পরিস্থিতিতে আমিরাত ও সৌদি আরবের কৌশলগত অবস্থান স্পষ্টভাবে ভিন্নমুখী হয়ে উঠেছে।
আঞ্চলিক বিশ্লেষকদের আশঙ্কা, এই পরিস্থিতি সৌদি আরব ও আমিরাতের মধ্যে একটি প্রক্সি যুদ্ধে রূপ নিতে পারে, যার প্রভাব শুধু ইয়েমেনেই নয়, পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে।









