সর্বশেষ
ব্রেকিং

আফগান নারীদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা, নথিতে ‘বিবি’ বা ‘দাদি’ সম্বোধনের নির্দেশ

আফগান নারীWeb Popup (3)

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিপত্রে নারীদের নাম ব্যবহার নিষিদ্ধ করেছে তালেবান। আফগান সংবাদমাধ্যম জান টাইমস ও ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের বরাতে স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইস এবং ফক্স নিউজ এ তথ্য জানিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এই নিষেধাজ্ঞা দেশটির অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে।

প্রতিবেদন অনুযায়ী, স্বাস্থ্যকর্মী ও সরকারি প্রতিষ্ঠানের কর্মীদের নারীদের নাম ধরে না ডেকে ‘বিবি’ বা ‘দাদি’ বলে সম্বোধন করতে বলা হয়েছে। সরকারি নথিপত্রেও এভাবেই উল্লেখ করার নির্দেশনা দেওয়া হয়েছে। অধিকারকর্মীদের মতে, এ সিদ্ধান্তে নারীদের ব্যক্তিগত পরিচয় ও মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। নারী অধিকারকর্মী লালাহ ওসমানি এই পদক্ষেপকে নারীদের পরিচয় মুছে দেওয়ার একটি পরিকল্পিত প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন।

AFGANDREAMERS D14NOV9THMOHAMMEDKAMAL 24929 Edit

অধিকারকর্মীরা আশঙ্কা করছেন, এই নিষেধাজ্ঞা জাতীয় পর্যায়ে ছড়িয়ে পড়তে পারে। তাঁদের মতে, ক্ষমতায় ফেরার পর থেকে নারীদের অধিকার সীমিত করতে ১৪৪টির বেশি নির্দেশনা জারি করেছে তালেবান। এর আওতায় ১২ বছরের বেশি বয়সী মেয়েদের পড়াশোনার সুযোগ বন্ধ করা হয়েছে এবং অধিকাংশ পেশায় নারীদের কাজের সুযোগ কেড়ে নেওয়া হয়েছে। পাশাপাশি জনসমক্ষে নারীদের কথা বলার ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এমন প্রতিকূল পরিস্থিতিতেও দেশটির বিভিন্ন এলাকায় নারীরা গোপনে ব্যবসা পরিচালনা করছেন এবং মেয়েদের জন্য গোপন স্কুল চালু রেখেছেন। গত ১৭ নভেম্বর বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে কাবুলের এক সেলুন মালিক ও এক শিক্ষকের বক্তব্যসহ এমন কয়েকটি উদ্যোগের চিত্র উঠে আসে। তবে তালেবানের পুণ্য প্রচার ও পাপ প্রতিরোধ মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আসলাম এসব বিধিনিষেধের পক্ষে অবস্থান নিয়েছেন।

সংশ্লিষ্টদের আশঙ্কা, সরকারি নথিতে নারীদের নাম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞার ফলে চিকিৎসাসেবায় গুরুতর জটিলতা তৈরি হতে পারে। একই ধরনের সম্বোধন ব্যবহারের কারণে রোগীর পরিচয় শনাক্তে ভুল হওয়ার ঝুঁকি রয়েছে। এ ছাড়া পুরুষ চিকিৎসকের মাধ্যমে নারীদের চিকিৎসা নেওয়ার বাধ্যবাধকতা এবং নারীদের চিকিৎসাশিক্ষা গ্রহণে নিষেধাজ্ঞার কারণে স্বাস্থ্যসেবা পাওয়া আরও কঠিন হয়ে পড়েছে।

নারীদের পরিচয় প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে কাজ করছেন লালাহ ওসমানি। ২০১৭ সালে তিনি আফগানিস্তানের পরিচয়পত্র ও জন্মনিবন্ধনে মায়ের নাম যুক্ত করার দাবিতে প্রচার শুরু করেন। এর পরিপ্রেক্ষিতে ২০২০ সালে জন্মনিবন্ধনে স্বেচ্ছায় মায়ের নাম যুক্ত করার সুযোগ দেওয়া হলেও ওসমানিকে হুমকির মুখে পড়তে হয়েছিল। শেষ পর্যন্ত সেই অগ্রগতিও আর টেকেনি।

২০২১ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের মধ্যে আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসে তালেবান। সে সময় কাবুল থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার অভিযান চলাকালে আইএস-খোরাসানের হামলায় ১৩ মার্কিন সেনা নিহত হন। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে লালাহ ওসমানি বলেন, ‘আফগানিস্তানে কোনো নারীকে তাঁর প্রকৃত নামে ডাকা এখন একটি প্রতিরোধের কাজ।’

সূত্র: ফক্স নিউজ

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)