তিন দশকেরও বেশি সময় আগে শ্রীলঙ্কার গৃহযুদ্ধের এক বিস্মৃত অধ্যায় নতুন করে আলোচনায় এসেছে দেশটির পূর্বাঞ্চলীয় কুরুক্কালমাদাম এলাকায় একটি গণকবরের সন্ধান পাওয়ার পর। সেখানে মানুষের কঙ্কালের অংশবিশেষ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ১৯৯০ সালে তামিল বিদ্রোহী গোষ্ঠী এলটিটিইর হাতে নিহত মুসলিমদের দেহাবশেষ হতে পারে সেগুলো। এখন নিখোঁজ স্বজনদের পরিচয় শনাক্ত এবং তাঁদের সঙ্গে কী ঘটেছিল, তা জানার অপেক্ষায় প্রহর গুনছেন পরিবারের সদস্যরা।
এমনই একজন ৬০ বছর বয়সী ফাউজুল হিনায়া। ৩৬ বছর ধরে দুই ভাইয়ের স্মৃতি বয়ে বেড়াচ্ছেন তিনি। এখন আর ন্যায়বিচারের আশা করেন না। তাঁর একমাত্র প্রার্থনা, অন্তত মুসলিম রীতি অনুযায়ী দুই ভাইকে দাফন করতে পারা। পূর্ব উপকূলীয় শহর কাত্তানকুডিতে নিজের বাড়িতে বসে আল জাজিরাকে তিনি বলেন, ‘আমি তাঁদের মর্যাদাপূর্ণ দাফন দিতে চাই।’
১৯৮৩ সালে স্বাধীন আবাসভূমির দাবিতে তামিল বিদ্রোহীদের সঙ্গে শ্রীলঙ্কার সরকারি বাহিনীর গৃহযুদ্ধ শুরু হয়, যার অবসান ঘটে ২০০৯ সালে তামিল যোদ্ধাদের পরাজয়ের মধ্য দিয়ে। দীর্ঘ এই যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হন, যাঁদের অধিকাংশই ছিলেন বেসামরিক নাগরিক। তামিল জনগোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ দীর্ঘদিন ধরে শ্রীলঙ্কার সামরিক বাহিনীর বিরুদ্ধে রয়েছে। অন্যদিকে শ্রীলঙ্কার সরকার ও সংখ্যাগরিষ্ঠ সিংহলি জনগোষ্ঠীর অনেকেই দেশজুড়ে লিবারেশন টাইগার্স অব তামিল ইলমের (এলটিটিই) বোমা হামলা ও হত্যাকাণ্ডের কথা তুলে ধরেছেন। ১৯৯৩ সালে শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট রানাসিংহে প্রেমাদাসা এবং এর আগে ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যা করে এলটিটিই।
আরও
তবে ১৯৯০-এর দশকের শুরুতে শ্রীলঙ্কার মুসলিমদের লক্ষ্য করেও একাধিক হত্যাকাণ্ড চালায় এলটিটিই। পূর্বাঞ্চলের কুরুক্কালমাদাম, কাত্তানকুডি ও এরাভুর শহরে লক্ষ্যবস্তু করে হত্যার মধ্য দিয়ে এসব হামলা শুরু হয়। অপহরণের শিকার অনেক মুসলিম আর ফিরে আসেননি; শত শত মরদেহেরও কোনো সন্ধান মেলেনি। সম্প্রতি আদালত-নিযুক্ত প্রত্নতাত্ত্বিক দলের সদস্যরা কুরুক্কালমাদামের একটি গণকবরে কাটার চিহ্নযুক্ত কঙ্কালের অবশেষ খুঁজে পেয়েছেন। আদালতে নিহতদের পরিবারের পক্ষে প্রতিনিধিত্ব করা আইনজীবী মুয়াজ্জাম মুবারক এ তথ্য নিশ্চিত করেছেন।
শেষ যাত্রা
ছয় ভাইবোনের একজন ফাউজুল হিনায়া। তাঁর ছোট দুই ভাই ফাউজুল আমির ও আবদুর রউফ বাবা হায়াত মোহাম্মদের কাজে সহায়তা করতেন। বাবা কাঠ সংগ্রহের কাজ করলেও আয় ছিল অনিয়মিত; ফলে পরিবারের ভরণপোষণে দুই ভাইয়ের বড় অবদান ছিল। তৈরি পোশাক বিক্রির জন্য বাড়ি থেকে ৫৮ কিলোমিটার দূরে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর আক্কারাইপাট্টুতে যেতেন আমির। ১৯৯০ সালের জুলাইয়ের এক সকালে সেই যাত্রার জন্য ব্যাগ গোছান তিনি। হিনায়া আল জাজিরাকে বলেন, ‘আমি কখনো ভাবিনি, এটাই হবে তাঁর শেষ যাত্রা।’
কাত্তানকুডিতে ফেরার পথে কুরুক্কালমাদামের কাছে আমিরকে আটকায় এলটিটিই সদস্যরা। সেখানে আমিরসহ কয়েক ডজন মানুষকে গুলি করে হত্যা করা হয়। নিহতের সংখ্যা নিয়ে বিভিন্ন হিসাব রয়েছে—কারও মতে ৬০ জন, আবার কারও মতে প্রায় ১৫০ জন। শ্রীলঙ্কার মুসলিম জনগোষ্ঠীর (মোট জনসংখ্যার ১০ শতাংশ, যেখানে সিংহলি ৭৫ শতাংশ ও তামিল ১৫ শতাংশ) জন্য এই হত্যাকাণ্ড ছিল এক বড় মোড়। এর আগে এলটিটিই সাধারণত মুক্তিপণের জন্য মুসলিমদের অপহরণ করত। কিন্তু কুরুক্কালমাদামের ঘটনার পর তারা নির্বিচারে রক্ত ঝরাতে শুরু করে। এর এক মাস পরই ১৯৯০ সালের আগস্টে কাত্তানকুডি ও এরাভুর শহরের দুটি মসজিদে অন্তত ৩০০ মুসলিমকে হত্যা করে বিদ্রোহী গোষ্ঠীটি।
আমির নিহত হওয়ার সময় হিনায়ার আরেক ভাই আবদুর রউফ দেশের উত্তরাঞ্চলে একটি দোকানে কাজ করতেন। ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে শোকাহত পরিবারের কাছে ফিরে আসেন তিনি। কয়েক দিন পর কাছের শহর বাত্তিকালোয়া থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে ঠেলাগাড়ি নিয়ে বের হয়ে নিখোঁজ হন রউফ। তাঁকেও এলটিটিই অপহরণ করে এবং ধারণা করা হয়, তিনি মারা গেছেন। ২০১৬ সালে শ্রীলঙ্কায় নিখোঁজ ব্যক্তিবিষয়ক স্বাধীন কার্যালয় প্রতিষ্ঠিত হলে হিনায়া সেখানে অভিযোগ জমা দেন। এখন গণকবর অনুসন্ধান থেকে কোনো সূত্র পাওয়া যায় কি না, সেই অপেক্ষায় আছেন তিনি।
বাস্তুচ্যুতির ক্ষত
এলটিটিইর এই সহিংসতা কেবল প্রাণই কাড়েনি, শ্রীলঙ্কার তামিল ও মুসলিম জনগোষ্ঠীর দীর্ঘদিনের সম্পর্কেও ফাটল ধরিয়েছে। ১৯৮৭ সালে ভারতের সঙ্গে চুক্তির পর শান্তিরক্ষী হিসেবে ভারতীয় সেনাবাহিনী শ্রীলঙ্কায় মোতায়েন হলে ক্যাম্প স্থাপনের জন্য উত্তরাঞ্চলীয় মুল্লাইতিভুর কয়েকটি তামিল ও মুসলিম গ্রাম থেকে বাসিন্দাদের উচ্ছেদ করা হয়। ৫৯ বছর বয়সী মোহাম্মদ রিজনি জানান, সেটিই ছিল তাঁদের প্রথম বাস্তুচ্যুতি। ১৯৯০ সালের শুরুতে ভারতীয় সেনারা চলে যাওয়ার পর তামিল ও মুসলিমরা এক পরিবারের মতো সম্প্রীতি নিয়ে আবার নিজ গ্রামে ফিরে আসেন।
কিন্তু ১৯৯০ সালের অক্টোবরে পরিস্থিতি পুরোপুরি পাল্টে যায়। রিজনি জানান, এলটিটিই উত্তরাঞ্চলীয় প্রদেশের সব মুসলিমকে একত্র করে দুই দিনের মধ্যে প্রদেশ ছাড়ার নির্দেশ দেয়। অথচ সেখানে মুসলিমরা ছিলেন মাত্র ৫ শতাংশ এবং তামিলরা ছিলেন ৯০ শতাংশের বেশি। সে সময় আনুমানিক ৭৫ হাজার থেকে ১ লাখ মুসলিমকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়। পরনের পোশাক ছাড়া আর কিছুই সঙ্গে নিতে দেওয়া হয়নি। দশকের পর দশক পেরিয়ে গেলেও হারানো সম্পদের কথা এখনো ভোলেননি রিজনি—বিদ্রোহীরা তাঁদের ৯৯টি মহিষ, ৪২টি গরু, চার একর নারকেলবাগান, আট একর ধানখেত, একটি বাড়ি ও একটি মুদিদোকান কেড়ে নেয়।
২০০৯ সালে গৃহযুদ্ধের অবসান ঘটে, যার শেষ পর্যায়ে জাতিসংঘের হিসাব অনুযায়ী উত্তরাঞ্চলে প্রায় ৪০ হাজার বেসামরিক মানুষ নিহত হন। যুদ্ধের পর অনেক মুসলিম শরণার্থী নিজ গ্রামে ফিরলেও এখনো কোনো পূর্ণাঙ্গ পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়িত হয়নি।
ন্যায়বিচারের আশা
ক্ষমতাসীন ন্যাশনাল পিপলস পাওয়ার জোটের সংসদ সদস্য রিয়াস ফারুক ১৯৯০ সালে মুসলিমদের হত্যা ও জোরপূর্বক উচ্ছেদের ঘটনাকে মানবতাবিরোধী গুরুতর অপরাধ হিসেবে বর্ণনা করেছেন। আল জাজিরাকে তিনি বলেন, কোনো রাজনৈতিক সংগ্রাম কিংবা জাতিগত দাবি নিরপরাধ মানুষকে হত্যা বা বাড়িঘর ছাড়তে বাধ্য করার পক্ষে যুক্তি হতে পারে না। কুরুক্কালমাদামের গণকবর নিয়ে স্বাধীন তদন্তের মাধ্যমে নিহতদের পরিচয় শনাক্ত এবং বাস্তুচ্যুত মুসলিমদের মর্যাদার সঙ্গে নতুন করে জীবন গড়ার সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সব ক্ষত সত্ত্বেও রিজনি আশা করেন, তামিল ও মুসলিমদের পুরোনো সম্প্রীতি আবার ফিরে আসবে। তবে এলটিটিইর নৃশংসতার জন্য সাধারণ তামিল জনগোষ্ঠীকে দোষারোপ করতে চান না তিনি। রিজনির ভাষায়, ‘তামিল ও মুসলিমদের মধ্যে সব সময় ভালো সম্পর্ক থাকবে। মুসলিমরা এই উচ্ছেদের ঘটনা ভুলবে না, তবে এলটিটিই যা করেছে, তার জন্য আমরা তামিলদের দোষ দেব না।’









