গত ২৪ ঘণ্টায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির অবস্থান লক্ষ্য করে ৭২৬টি হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সরকারি বাহিনী। এসব হামলায় গোষ্ঠীটির ১২১ জন যোদ্ধা ও কমান্ডার নিহত বা আহত হয়েছেন বলে জানিয়েছে তারা। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার বরাতে আজ শনিবার (২৮ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
সামরিক মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি জানান, ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে। এর মধ্যে ছিল ২৩টি বিমান হামলা, ৬৪২টি গোলন্দাজ হামলা, ৩৫টি ড্রোন অভিযান এবং ২৬টি রকেট হামলা। এসব হামলায় হুতির ৮১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন তিনি।
তায়েজ, মারিব, আল-জাওফ, লাহিজ, আল-দালে ও শাবওয়াসহ বেশ কয়েকটি ফ্রন্টে তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে। হুতির হামলা প্রতিহত করার পাশাপাশি তাদের অবস্থান ও রসদ পাঠানোর বহর লক্ষ্য করে অভিযান চালাচ্ছে সরকারি বাহিনী। ইয়েমেনে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে সরকারি বাহিনী ও সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক অভিযান জোরদার করেছে।
আরও
অন্যদিকে, হুতি গোষ্ঠীও সৌদি আরবে তাদের হামলা অব্যাহত রেখেছে। গতকাল শুক্রবার হুতি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়, তায়েজ গভর্নরেটের আল-তুরবাহ এলাকায় সৌদি বিমান হামলায় ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাঁদের অধিকাংশই শিশু। তবে এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।









