সর্বশেষ
ব্রেকিং

ট্রাম্পকে মুগ্ধ করতে কুয়েতে প্রাণঘাতী ড্রোন হামলা চালায় ইউক্রেন: দাবি ইরানের

6ecaea34 aebc 4f62 b464 92698cacd14fWeb Popup (3)

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নিজেদের সক্ষমতা প্রমাণ করতেই কুয়েতে প্রাণঘাতী ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন—এমন দাবি করেছেন ইরানের পারমাণবিক আলোচক দলের সাবেক উপদেষ্টা মোহাম্মদ মারান্দি। অন্যদিকে বৃহস্পতিবারের এই হামলার দায় পুরোপুরি অস্বীকার করেছে তেহরান। ওই হামলায় কুয়েতে দুই ইতালীয় প্রতিরক্ষা প্রযুক্তিবিদ নিহত হন। ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের ‘ইংরেজিভাষী মুখপাত্র’ হিসেবে পরিচিত মোহাম্মদ মারান্দি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেন, ইরানে ব্যাপকভাবে বিশ্বাস করা হচ্ছে যে কুয়েতের হামলাটি একটি ‘ফলস ফ্ল্যাগ’ বা সাজানো অভিযান, যা সম্ভবত ইউক্রেনীয় শাসকগোষ্ঠী চালিয়েছে।

তাঁর ভাষ্য, উত্তর ইরাক ও সিরিয়াসহ পুরো মধ্যপ্রাচ্যে বর্তমানে ইউক্রেনীয় বাহিনী সক্রিয় রয়েছে এবং তারা ট্রাম্পের কাছে নিজেদের সম্ভাবনা ও সক্ষমতা প্রদর্শন করতে চায়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-ঘনিষ্ঠ ফারস নিউজ এজেন্সিও একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দাবি করেছে, ইরাকের কুর্দিস্তান অঞ্চলসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ইউক্রেনীয় সদস্যরা হাজার হাজার ড্রোন ও চালকবিহীন আকাশযান মোতায়েন করেছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার ইরানি ড্রোন প্রতিহত করার সময় ধ্বংসাবশেষ একটি সামরিক স্থাপনায় আঘাত হানলে এক কুয়েতি ও এক পাকিস্তানি নাগরিকসহ চারজন আহত হন এবং পরে আহত দুই ইতালীয় নাগরিকের মৃত্যু হয়।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংবাদ সংস্থা আনসা নিশ্চিত করেছে, নিহত দুই ব্যক্তি জার্মান প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান রাইনমেটালের ইতালীয় শাখা ‘রাইনমেটাল ইতালিয়া’র প্রযুক্তিবিদ ছিলেন। তাঁরা হলেন ফরমিয়ার বাসিন্দা আন্তোনিও সাকোচ্চিও (৬৫) এবং রোমের বাসিন্দা ইমানুয়েল লো রুসো (৩৬)। কুয়েত ও ইতালির কর্মকর্তারা হামলার জন্য ইরানকে দায়ী করলেও রোমে অবস্থিত ইরানি দূতাবাস তা প্রত্যাখ্যান করেছে। দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, পারস্য উপসাগরীয় সংঘাতের পরিধি বাড়াতে এবং ইউরোপকে এই সংকটে টেনে আনতেই এমন ‘ফলস ফ্ল্যাগ’ অভিযান চালানো হচ্ছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইতালীয় ও কুয়েতি সমকক্ষদের সঙ্গে ফোনালাপে নিহত ব্যক্তিদের প্রতি শোক প্রকাশ করেছেন। ঘটনাটিকে ‘সন্দেহজনক’ ও ‘যুদ্ধের পূর্বপরিকল্পিত ছক’ উল্লেখ করে এর তদন্তে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন তিনি।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)