যুক্তরাষ্ট্রের শিকাগোতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে শিকাগো সিটি কর্তৃপক্ষ সড়কটির নামফলক উন্মোচন করে। এর আগে গত ১৪ অক্টোবর শিকাগো নগর কর্তৃপক্ষ এ নামকরণের আনুষ্ঠানিক অনুমোদন দেয়।
বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সড়ক’ (Honorary Mother of Democracy Begum Khaleda Zia Way) নামে নামকরণ করা সড়কটি স্থাপন করা হয়েছে বিশ্বখ্যাত স্থপতি এফ আর খানের নকশায় নির্মিত উইলিস টাওয়ারের (পূর্বনাম সিয়ার্স টাওয়ার) পাশে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, উইলিস টাওয়ার শিকাগোর অন্যতম পরিচিত স্থাপনা হওয়ায় এর পাশে সড়কটির নামকরণের ফলে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান সম্পর্কে জানার সুযোগ পাবেন। এর আগে ২০১৪ সালে শিকাগোতে জিয়াউর রহমানের নামেও একটি সড়কের নামকরণ করা হয়েছিল।
আরও
সড়কটির নামকরণের প্রক্রিয়া সম্পর্কে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী জানান, গত ২৩ সেপ্টেম্বর শিকাগোর ৩৬তম ওয়ার্ডের কাউন্সিলর গিলবার্ট ভিলেগাস সিটি কাউন্সিলে প্রস্তাবটি উত্থাপন করেন। পরে ১৪ অক্টোবর কাউন্সিলের পরিবহন ও জনপথবিষয়ক কমিটি প্রস্তাবটি পাসের পক্ষে সর্বসম্মত সুপারিশ জানায়। এই ঐতিহাসিক নামকরণের আবেদনকারী শিকাগোর বাংলাদেশি সম্প্রদায় এবং শাহ মোজাম্মেল নান্টুসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই প্রয়াসে সামান্য অংশীদার হতে পেরে তাঁরা গর্বিত।
বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের এই উদ্যোগে পেছন থেকে সহযোগিতা করেছেন সাংবাদিক ও ব্যারিস্টার মাহাবুবুর রহমান। প্রকল্পটির উদ্যোক্তা দলে কাজ করেছেন শিকাগো বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মোসাদ্দেক মিন্টু, বাংলাদেশ কমিউনিটি শিকাগোর সভাপতি শাহ মোশাররফ, শিকাগো বিএনপির আন্তর্জাতিক সম্পাদক হাদিউজ্জামান ভূঁইয়া ও দপ্তর সম্পাদক শাকির ভূঁইয়া।
শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতি ও অবদানকে সম্মান জানানোর যে অঙ্গীকার তিনি দীর্ঘদিন ধরে লালন করে আসছেন, এই দুটি উদ্যোগ তারই প্রতিফলন। শিকাগোর বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির কাছে এ সড়কের নামকরণ বিশেষ তাৎপর্য বহন করে বলেও মন্তব্য করেন তিনি।










