সৌদি আরব সফরে গিয়ে পবিত্র কাবার ভেতরে প্রবেশ করে নামাজ আদায়ের বিরল সুযোগ পেয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু। গত ১ নভেম্বর সৌদি রাজপরিবারের বিশেষ অনুমতিতে কাবার দরজা খুলে দেওয়া হলে তিনি সফরসঙ্গীদের নিয়ে সেখানে প্রবেশ করেন এবং দুই রাকাত নামাজ আদায় করেন।
নাইজেরিয়ার প্রেসিডেন্টের দপ্তরের তথ্য অনুযায়ী, কাবার ভেতরে তিনুবু তাঁর দেশের শান্তি, নিরাপত্তা, ঐক্য ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন। কাবার ভেতরে তিনি কী চেয়েছেন—এমন প্রশ্নের জবাবে তিনুবু জানান, দেশের মানুষের সেবা চালিয়ে যাওয়ার জন্য তিনি আল্লাহর কাছে প্রজ্ঞা ও ধৈর্য চেয়েছেন। এমন অভাবনীয় সুযোগ ও বিশেষ সম্মানের জন্য তিনি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, পবিত্র কাবার ভেতরে প্রবেশের সুযোগ সাধারণ মুসল্লিদের জন্য উন্মুক্ত নয়; কেবল বিশেষ অনুমতি সাপেক্ষে নির্দিষ্ট কিছু ব্যক্তি ও রাষ্ট্রীয় অতিথিই এই সুযোগ পেয়ে থাকেন। এর আগে ২০১৬ সালে নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদু বুহারিও কাবার ভেতরে প্রবেশের সুযোগ পেয়েছিলেন। গত ৩০ অক্টোবর মক্কায় ওমরাহ পালন শেষে চার দিনের সফর শেষে ৪ নভেম্বর নিজ দেশে ফেরেন তিনুবু। সূত্র: ভয়েস অব নাইজেরিয়া










