যুক্তরাষ্ট্রে মাছ ধরা এখন আর কেবল অবসর কাটানোর মাধ্যম বা নিছক কোনো শখ নয়, বরং এটি তরুণদের কাছে একটি অত্যন্ত জনপ্রিয় ও লাভজনক প্রতিযোগিতামূলক ক্রীড়াক্ষেত্রে পরিণত হয়েছে। ‘নিউইয়র্ক টাইমস’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, হাইস্কুল শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ, আকর্ষণীয় পুরস্কার, কলেজ বৃত্তি এবং পেশাদার অ্যাঙ্গলার হওয়ার সুযোগ তৈরি হওয়ায় দেশটিতে ‘বাস’ মাছ ধরার প্রচলন দিন দিন বেড়েই চলেছে।
চলতি বছরের আগস্টে মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের বুকানান শহরের প্যারিস ল্যান্ডিং স্টেট পার্কের মেরিনায় অনুষ্ঠিত হয় মর্যাদাপূর্ণ ‘স্ট্রাইক কিং বাসমাস্টার হাইস্কুল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ’। ভোরের আলো ফোটার আগেই কেনটাকি লেকের ১৮৪ মাইল দীর্ঘ জলরাশিতে ২৫টি নৌকা নিয়ে প্রতিযোগিতায় নেমে পড়েন তরুণ প্রতিযোগীরা। দীর্ঘ লড়াই শেষে আলাবামার ১৮ বছর বয়সী তরুণ কাইগ ব্র্যাগ আট ঘণ্টায় তিনটি বাস মাছ ধরে চ্যাম্পিয়নশিপের শিরোপা অর্জন করেন। ২১৩টি দলকে পেছনে ফেলে বিজয়ী হওয়া এই তরুণ পুরস্কার হিসেবে পান একটি মাছ ধরার নৌকা ও কলেজ বৃত্তি মিলিয়ে প্রায় ৩৭ লাখ টাকারও বেশি মূল্যের পুরস্কার। মাছ ধরাকে দাবা খেলার মতো একটি রহস্যময় ধাঁধা হিসেবে উল্লেখ করে কাইগ বলেন, এই খেলাটি তার ভীষণ ভালো লাগে।
গত এক থেকে দুই দশকে প্রতিযোগিতামূলক বাস মাছ ধরার পুরো দৃশ্যপটে বড় ধরনের পরিবর্তন এসেছে। নিয়ন্ত্রক সংস্থা ‘বাস নেশন’-এর অধীনে বর্তমানে যুক্তরাষ্ট্রের ৩৫টি অঙ্গরাজ্যে প্রায় ১ হাজার ১০০টি হাইস্কুল ও যুব ক্লাব রয়েছে, যেখানে অংশ নিচ্ছেন প্রায় ১২ হাজার তরুণ অ্যাঙ্গলার। এক দশক আগেও যেখানে ক্লাবের সংখ্যা ছিল ৬০০ এবং সদস্য ছিল প্রায় ৬ হাজার, সেখানে এই খাতের দ্রুত সম্প্রসারণ স্পষ্ট। বর্তমানে অন্তত আটটি অঙ্গরাজ্যে বাস মাছ ধরা হাইস্কুল পর্যায়ের আনুষ্ঠানিক খেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে।
আরও
নিয়ম অনুযায়ী, প্রতিটি দলে একজন বা দুজন শিক্ষার্থী অংশ নিতে পারেন। প্রতিযোগীদের প্রত্যেকে সর্বোচ্চ তিনটি বাস মাছ ধরতে পারেন, যেগুলোর প্রতিটির দৈর্ঘ্য অন্তত ১৫ ইঞ্চি হতে হয়। মাছগুলো জীবিত অবস্থায় ওজন করার পর আবার লেকে অবমুক্ত করা হয়। প্রতিযোগীরা নিজেদের পছন্দের কৃত্রিম টোপ, ছিপ ও নৌকা ব্যবহার করতে পারলেও বাইরের কোনো সহায়তার সুযোগ নেই।
তবে এই জনপ্রিয়তার পেছনে রয়েছে বড় অঙ্কের আর্থিক বিনিয়োগের বিষয়ও। একটি আধুনিক বাস ফিশিং বোটের দাম হতে পারে ১ লাখ ডলার পর্যন্ত। এ ছাড়া ডিজিটাল ফিশ ফাইন্ডার, উন্নত ফিশিং রড, যাতায়াত, আবাসন এবং নিবন্ধন ফি মেটানোর জন্য প্রচুর খরচ করতে হয়। স্কুলগুলো সাধারণত বীমা ও নিরাপত্তার কারণে আনুষ্ঠানিক দল গঠনে এগিয়ে আসে না। ফলে প্রতিযোগীদের নিজেদের উদ্যোগে স্পনসরশিপ সংগ্রহ করতে হয়। বর্তমানে পেশাদার অ্যাঙ্গলার হতে গেলে শুধু মাছ ধরার দক্ষতাই নয়, বরং ব্যবসায়িক জ্ঞান, অর্থ ব্যবস্থাপনা এবং নিজস্ব ব্র্যান্ড ভ্যালু তৈরির সক্ষমতাও সমানভাবে জরুরি হয়ে উঠেছে।








