সৌদি আরবের নাজরানে নজরদারি চালানোর একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি রোববার সকালে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, যেখানে এএইচ-৬আই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেটি সৌদি ন্যাশনাল গার্ডের আওতাধীন এলাকায় পড়েছে। আর এ ঘটনায় হেলিকপ্টারের দুজন ক্রু নিহত হয়েছেন।
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে শনিবার এক বিবৃতিতে দাবি করেন, তাদের যোদ্ধারা নাজরানে একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত করেছেন। যেটি তাদের ওপর হামলা চালাচ্ছিল। ইয়াহিয়া সারের এ দাবির একদিন পর সৌদি আরব জানাল তাদের একটি নজরদারি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। যদিও তারা এর কারণ উল্লেখ করেনি।
গত জুলাই থেকে সৌদি আরব ও হুথিদের মধ্যে নতুন করে আবার রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। নতুন সংঘাতের শুরু থেকে সৌদি হুথিদের অবস্থান লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায়। এর জবাবে হুথিরা রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ তেল অবকাঠামোতে পাল্টা হামলা চালায়।









