হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে সম্প্রতি একটি ঘটনার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। যুক্তরাজ্যের লন্ডনে তাঁর আসন্ন সিনেমা ‘দ্য ডেভিল ওয়ার্স প্রাডা ২’-এর প্রদর্শনী অনুষ্ঠানে এক ভক্ত তাঁকে পবিত্র কুরআন উপহার দেন। উপহার দেওয়ার কারণ হিসেবে ওই ভক্ত জানান, সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অস্কারজয়ী অভিনেত্রী ‘ইনশাআল্লাহ’ শব্দটি ব্যবহার করেছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের এক প্রতিবেদনের বরাত দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ভক্তের কাছ থেকে কুরআন উপহার পেয়ে হ্যাথাওয়ে হাসিমুখে তাঁকে ধন্যবাদ জানাচ্ছেন। এর কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ ও বয়স নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন, ‘ইনশাআল্লাহ, আমি একটি দীর্ঘ ও সুস্থ জীবন চাই।’ ‘ইনশাআল্লাহ’ শব্দের অর্থ হলো ‘যদি আল্লাহ ইচ্ছা করেন’, যা ইসলামি পরিভাষায় ভবিষ্যৎ নিয়ে কোনো আশা বা ইচ্ছা প্রকাশের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
আরও


একজন শীর্ষস্থানীয় হলিউড অভিনেত্রীর মুখে এমন ইসলামি শব্দ শোনার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই তাঁর এই ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন। আবার কেউ কেউ বিষয়টিকে নানাভাবে ব্যাখ্যা করছেন; এমনকি অনেকেই কৌতূহলবশত প্রশ্ন তুলেছেন যে অভিনেত্রী ধর্ম পরিবর্তন করেছেন কি না। তবে এ নিয়ে অ্যান হ্যাথাওয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, ব্যক্তিজীবনের এই ভাইরাল ঘটনার পাশাপাশি পেশাগত জীবনেও নতুন রূপে হাজির হচ্ছেন হ্যাথাওয়ে। ‘মাদার মেরি’ নামের একটি নতুন সিনেমায় তিনি এক মানসিক সংকটে থাকা পপ তারকার চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রটিকে পর্দায় বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তুলতে তিনি দীর্ঘ সময় ধরে নাচ ও গানের নিবিড় প্রশিক্ষণ নিয়েছেন। অভিনেত্রীর ভাষায়, তিনি এই চরিত্রের জন্য নিজের সর্বোচ্চটা দিতে চেয়েছেন। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করেছেন এবং কণ্ঠস্বরকেও আলাদাভাবে প্রস্তুত করেছেন। সব মিলিয়ে ব্যক্তিগত জীবনের ভাইরাল ঘটনা ও নতুন সিনেমার চ্যালেঞ্জিং চরিত্র—এই দুইয়ে মিলে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অ্যান হ্যাথাওয়ে।









