পোল্যান্ডে বসবাসরত সব বাংলাদেশিকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। গতকাল শুক্রবার দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশনার কথা উল্লেখ করে এই বিশেষ অনুরোধ জানানো হয়।
দূতাবাসের ওই পোস্টে প্রবাসীদের এমন কোনো বক্তব্য, আচরণ বা প্রচার থেকে সম্পূর্ণ বিরত থাকতে বলা হয়েছে, যা বিভ্রান্তিকর, অসত্য, উসকানিমূলক কিংবা পোল্যান্ডের প্রচলিত আইন ও বিধিবিধানের পরিপন্থী। এ ধরনের নেতিবাচক কর্মকাণ্ডের ফলে দেশটিতে বসবাসরত গোটা বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তি ও সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

আরও
এই অবস্থায় পোল্যান্ডপ্রবাসী বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে পোল্যান্ডের প্রচলিত আইনকানুন যথাযথভাবে মেনে চলার পাশাপাশি অনলাইনে কোনো তথ্য, বক্তব্য বা কনটেন্ট প্রকাশের আগে তার সত্যতা ও সম্ভাব্য প্রভাব যাচাই করার কথা বলা হয়েছে। একই সঙ্গে অসত্য, আইনবিরোধী ও উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং অনলাইন ও অফলাইন—উভয় ক্ষেত্রেই দায়িত্বশীল, সংযত ও আইনসম্মত আচরণ করার ওপর জোর দেওয়া হয়েছে। এ ছাড়া প্রবাসীদের ব্যক্তিগত কোনো কর্মকাণ্ডের কারণে যেন দেশের সুনাম ও মর্যাদা ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সচেতন থাকার পাশাপাশি দেশটিতে বসবাস, কাজ ও ব্যবসার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সব নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে।











