সর্বশেষ

বাংলাদেশ থেকে ওমানে যাবে বৈদ্যুতিক বাইক, সমঝোতা স্মারক সই

GfhfdWeb Popup (3)

বাংলাদেশের উদীয়মান সবুজ প্রযুক্তি খাতে যুক্ত হলো নতুন এক মাইলফলক। বাংলাদেশ থেকে ওমানে বৈদ্যুতিক মোটরসাইকেল (ইভি বাইক) রপ্তানি, কারিগরি জ্ঞান বিনিময় এবং যৌথ বিনিয়োগের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর নভোথিয়েটারে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর অনুষ্ঠানস্থলে বাংলাদেশের পিটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ওমানের মডার্ন স্টার বিজনেসেস এলএলসির (স্টার ড্রোনস) মধ্যে এই চুক্তি সম্পন্ন হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশের পরিবেশবান্ধব প্রযুক্তির এক সম্ভাবনাময় নতুন দুয়ার উন্মোচিত হলো।

এই সমঝোতার আওতায় প্রাথমিকভাবে ওমানের জনপ্রিয় ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ‘বিজ’ (Bees)-এর বহরে যুক্ত করার জন্য বাংলাদেশ থেকে ইভি বাইক রপ্তানি করা হবে। পরবর্তীতে মধ্যপ্রাচ্যের বাজারের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে ওমানেই একটি অ্যাসেম্বলি লাইন বা সংযোজন কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠান দুটির। এর পাশাপাশি, স্টার ড্রোনস তাদের অত্যাধুনিক ড্রোন ডেলিভারি প্রযুক্তির সঙ্গে বাংলাদেশি ইভি বাইকের সমন্বয় ঘটিয়ে একটি যুগান্তকারী সমন্বিত ডেলিভারি নেটওয়ার্ক গড়ে তুলবে। চুক্তিতে বাংলাদেশ থেকে ইভি প্রযুক্তি ও কারিগরি জ্ঞান ওমানে স্থানান্তরের পাশাপাশি রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং ওমান থেকে মূলধন ও ড্রোন প্রযুক্তি বাংলাদেশে এনে স্থানীয়ভাবে বিনিয়োগের দীর্ঘমেয়াদি রূপরেখাও চূড়ান্ত করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন বলেন, দেশে প্রথমবারের মতো একাডেমিয়া, দেশি-বিদেশি বিনিয়োগকারী এবং স্থানীয় উদ্যোক্তাদের সমন্বয়ে যে ইনোভেশন মেলার আয়োজন করা হয়েছে, এই বাণিজ্যিক চুক্তি তারই এক সফল ও বাস্তব দৃষ্টান্ত। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের এই কারিগরি অংশীদারত্ব জাতীয় অর্থনীতি ও দেশের সবুজ প্রযুক্তি খাতের বিকাশে অভাবনীয় ভূমিকা রাখবে। অন্যদিকে, স্টার ড্রোনসের প্রতিনিধি জানান, বাংলাদেশি পণ্যের চমৎকার মান ও স্থানীয় উদ্ভাবনী সক্ষমতাই মূলত তাদের এই বিনিয়োগে আকৃষ্ট করেছে। এই উদ্যোগটি নিছক বাইক বেচাকেনার মধ্যে সীমাবদ্ধ না থেকে, বরং মধ্যপ্রাচ্যে বাংলাদেশি প্রযুক্তির বাজার সম্প্রসারণে বড় ভূমিকা পালন করবে।

পিটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শেখ ইকবাল জাহেদী এবং স্টার ড্রোনসের পক্ষে প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাইদ আব্দুল গাফুর সাইফ উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে এই সমঝোতা স্মারকে সই করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ওমান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফাথিয়া বিনতে আহমেদ আল বালুশি। এছাড়া সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আশরাফুল হক চৌধুরী, পিটন ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান শামসুল আলম লিটন ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলী আজগর অপুসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup