বিদ্যুতের আকাশচুম্বী দাম ও জাতীয় গ্রিডের অবিশ্বস্ততা থেকে বাঁচতে পাকিস্তানে এখন আমদানিকৃত সোলার প্যানেলের ব্যাপক চল শুরু হয়েছে। পরিস্থিতি এমন যে, বিয়েতে উপহার হিসেবেও এখন সোলার প্যানেল দেওয়া হচ্ছে। থিংক ট্যাংক রিনিউয়েবলস ফার্স্ট-এর তথ্য অনুযায়ী, ২০১৮ থেকে ২০২৫ সালের মধ্যে দেশটিতে সৌরবিদ্যুতের ব্যবহার ১ শতাংশ থেকে বেড়ে ২৮ শতাংশে দাঁড়িয়েছে। বর্তমানে দেশটির প্রায় ৭০ লাখ পরিবার সোলার প্যানেল ব্যবহার করছে।
সাধারণ মানুষ ও শিল্পকারখানাগুলো সৌরবিদ্যুতে লাভবান হলেও এতে বিপাকে পড়েছে পাকিস্তানের জাতীয় গ্রিড। মানুষ গ্রিডের বিদ্যুৎ কম ব্যবহার করায় গ্রাহক কমে যাচ্ছে, ফলে বাকি গ্রাহকদের ওপর রক্ষণাবেক্ষণ খরচের বোঝা বাড়ছে। গত দুই বছরে মানুষ গ্রিড থেকে সরে আসায় বাকি গ্রাহকদের ওপর বছরে ৫০ কোটি ডলারের বেশি আর্থিক চাপ পড়েছে। গ্রিডের ওপর এই চাপ প্রসঙ্গে দেশটির জ্বালানিমন্ত্রী আওয়াইস আহমাদ লেঘারি বলেন, ‘এটি একটি অনেক বড় বোঝা।’ বিশেষজ্ঞরা এই পরিস্থিতিকে ‘ইউটিলিটি ডেথ স্পাইরাল’ হিসেবে আখ্যায়িত করছেন।
পরিস্থিতি সামাল দিতে সরকার সৌরবিদ্যুৎ কেনার নীতিতে পরিবর্তন এনেছে। আগে গ্রাহকরা নিজেদের অতিরিক্ত বিদ্যুৎ বেশি দামে গ্রিডে বিক্রি করতে পারলেও, এখন সরকার তা কম দামে কিনছে। এই পদক্ষেপের সমালোচনা হলেও জ্বালানিমন্ত্রীর মতে, আগের নিয়ম বহাল রাখলে সাধারণ গ্রাহকদের ওপর বিশাল আর্থিক বোঝা চাপত। সরকার গ্রিডকে আরও প্রতিযোগিতামূলক করতে চায়। তবে সাধারণ মানুষ জাতীয় গ্রিডের আশা ছেড়ে সোলার প্যানেলের মাধ্যমে পুরোপুরি স্বনির্ভর হওয়ার দিকেই এগিয়ে যাচ্ছেন।










