সর্বশেষ

মালয়েশিয়ায় জুয়ার আসর থেকে দুই বাংলাদেশি আটক

Malaysia arrestWeb Popup (3)

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পান্ডান জায়া এলাকায় অবৈধ জুয়ার আড্ডায় বিশেষ অভিযান চালিয়ে দুই বাংলাদেশিসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। শনিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে পরিচালিত এই অভিযানে তাঁদের আটক করা হয়।

জেআইএম সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ এক মাস নজরদারির পর পুত্রজায়া অভিবাসন সদর দপ্তরের গোয়েন্দা ও বিশেষ অভিযান বিভাগের একটি দল এই পদক্ষেপ নেয়। রাত ১২টা ১ মিনিট থেকে শুরু করে শেষ রাত পর্যন্ত পান্ডান জায়ার সন্দেহভাজন চারটি বাণিজ্যিক প্রাঙ্গণে একযোগে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত ১৫ জনের সবার বয়স ২১ থেকে ৩৮ বছরের মধ্যে। তাঁদের মধ্যে জুয়ার আসরের তত্ত্বাবধায়ক ও ক্যাশিয়ারের দায়িত্বে থাকা একজন বাংলাদেশি পুরুষ ও একজন ইন্দোনেশীয় নারী রয়েছেন। বাকিদের মধ্যে আরও একজন বাংলাদেশি, তিনজন মিয়ানমারের নাগরিক, দুজন ইন্দোনেশীয় ও একজন ভারতীয় পুরুষ এবং ছয়জন ইন্দোনেশীয় নারী রয়েছেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃত এই বিদেশি নাগরিকদের অনেকেরই ভিসার মেয়াদ আগেই শেষ হয়ে গেছে এবং কয়েকজনের কাছে বৈধ কোনো ভ্রমণ নথি বা পাসপোর্ট ছিল না। বাইরে থেকে সাধারণ মনে হলেও প্রাঙ্গণগুলোর ভেতরে ম্যাগনেটিক লক করা লোহার দরজা ও সিসিটিভি ক্যামেরা বসিয়ে কঠোর গোপনীয়তায় এসব জুয়ার আসর চালানো হচ্ছিল।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে সাতটি ইন্দোনেশীয় পাসপোর্টের কপি, ৩১টি ট্যাবলেট, ১৫টি মোবাইল ফোন, কর্মীদের কাজের সময়সূচি (টাইম শিট), দোকান ভাড়ার চুক্তিনামা এবং নগদ ১ হাজার ৬৭৪ মালয়েশীয় রিঙ্গিত জব্দ করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজন স্থানীয় মালয়েশীয় নাগরিককে নোটিশ দেওয়া হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত বিদেশিদের পুত্রজায়া অভিবাসন দপ্তরে হস্তান্তর করা হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup