মালয়েশিয়া থেকে অবৈধভাবে ইন্দোনেশিয়ায় প্রবেশের অভিযোগে আট বাংলাদেশিসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নৌবাহিনী। গত সোমবার (৩১ আগস্ট) পশ্চিমাঞ্চলীয় ডুমাই জেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম জাকার্তা পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে। গ্রেপ্তার হওয়া বাকি আটজন ইন্দোনেশিয়ার নাগরিক।
ডুমাই নৌঘাঁটির প্রধান কর্নেল আগুং এন. কুসুমাজির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দুই ইঞ্জিনবিশিষ্ট একটি স্পিডবোটে করে ওই ব্যক্তিরা রিয়াউ প্রদেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিলেন। পুর্নামা সমুদ্রসৈকত এলাকায় পৌঁছালে নৌবাহিনীর সদস্যরা তাঁদের আটক করেন। এর আগে রোববার সন্ধ্যায় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনুপ্রবেশের বিষয়টি জানতে পেরে পুর্নামার জলসীমা ও উপকূলজুড়ে নজরদারি জোরদারের নির্দেশ দেয় নৌবাহিনী।
নৌঘাঁটির গোয়েন্দা ইউনিটের প্রধান ওয়াহিউ উইদিদি উইদায়াতের নেতৃত্বে তিনটি দলে বিভক্ত হয়ে এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। এতে নৌঘাঁটির কুইক রেসপন্স টিম, নৌবাহিনীর আঞ্চলিক কমান্ডের সামুদ্রিক গোয়েন্দা ইউনিট এবং ফ্লিট কমান্ড ‘আই’–এর ইনটেলমার অপারেশনস টাস্কফোর্স অংশ নেয়।










