সর্বশেষ

মালয়েশিয়ায় স্বদেশিকে আটক রাখার অভিযোগে বাংলাদেশির কারাদণ্ড

Bangladeshi man jailed for detaining compatriot in MalaysiaProbashircityWebPopupUpdate

মালয়েশিয়ায় একই দেশের এক নির্মাণশ্রমিককে অবৈধভাবে আটকে রাখার মামলায় ২৬ বছর বয়সি বাংলাদেশি নাগরিক মো. মফিজুর রহমানকে ১২ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির ম্যাজিস্ট্রেট আদালত। শুক্রবার (১৪ নভেম্বর) ম্যাজিস্ট্রেট মাওলানা নূল ফাদলিনা জুলখাইরি এ রায় ঘোষণা করেন। আদালতে দোভাষীর মাধ্যমে অভিযোগ স্বীকার করার পরই তার বিরুদ্ধে দণ্ডাদেশ চূড়ান্ত করা হয়।

আদালতসূত্র জানায়, গত ৩১ অক্টোবর সন্ধ্যায় পেনাংয়ের বাতু ফেরিঙ্গির মতিয়ারা অ্যাপার্টমেন্ট এলাকার একটি আবাসিক ইউনিটে মফিজুর রহমান পলাতক এক সন্দেহভাজনের সহায়তায় আরেক বাংলাদেশি শ্রমিককে চার দিন ধরে আটক রাখেন। এ ঘটনায় মালয়েশিয়ার পেনাল কোডের ৩৪৩ ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়। উক্ত ধারায় সর্বোচ্চ শাস্তি দুই বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়ই।

অভিযুক্ত মফিজুর আদালতে দাবি করেন, যাকে আটক রাখা হয়েছিল তিনি প্রায় দুই বছর আগে তার কাছ থেকে ৫ হাজার রিঙ্গিত চুরি করেছিলেন। সেই অভিযোগ থেকেই ক্ষোভের কারণে তিনি এ পদক্ষেপ নেন। তবে তদন্তে এসব অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে।

এদিকে মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি পাবলিক প্রসিকিউটর লাউ শাভিন। আসামিপক্ষে ন্যাশনাল লিগ্যাল এইড ফাউন্ডেশনের একজন আইনজীবী যুক্তি উপস্থাপন করেন। আদালত সব পক্ষের বক্তব্য বিবেচনায় নিয়ে আটক রেখে আইনভঙ্গ করার দায়ে মফিজুরের বিরুদ্ধে ১২ মাসের সাজার রায় দেন।

ঘটনাটি সামনে আসার পর মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা, পারস্পরিক সম্পর্ক এবং আইনের প্রতি আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট মহল।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate