মাঝ আকাশে হঠাৎ ইঞ্জিনের তেলের চাপ কমে যাওয়ায় জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে ভারতের বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়ার আবুধাবিগামী একটি উড়োজাহাজ। আজ সোমবার সকালে কেরালার কোচি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৫০ মিনিট পরই এই বিপত্তি ঘটে। তেলের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় বোয়িং ৭৩৭ সিরিজের ‘নাইন-৪১৫’ ফ্লাইটটি বাধ্য হয়ে পুনরায় কোচিতেই ফিরে আসে।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই উড়োজাহাজটির পাইলট খেয়াল করেন যে প্রথম ইঞ্জিনে তেলের পরিমাণ প্রায় তলানিতে নেমে গেছে। ওই অবস্থায় উড়োজাহাজটি নিয়ে আবুধাবি পর্যন্ত পৌঁছানো কোনোভাবেই সম্ভব ছিল না। পরিস্থিতি বেগতিক দেখে সম্ভাব্য বড় দুর্ঘটনা এড়াতে পাইলটরা মাঝ আকাশেই উড়োজাহাজটির প্রথম ইঞ্জিন বন্ধ করে দেন এবং দ্রুত কোচি বিমানবন্দরে ফিরে আসার সিদ্ধান্ত নেন।
মাঝ আকাশে এমন অনাকাঙ্ক্ষিত যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটের যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়লেও এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, সবাই অক্ষত ও নিরাপদে আছেন। তবে উড়োজাহাজটিতে ঠিক কতজন যাত্রী ও ক্রু ছিলেন এবং কী কারণে এমন যান্ত্রিক ত্রুটি দেখা দিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি সংস্থাটি। উল্লেখ্য, এর আগে গত বছরের (২০২৫ সালের) ১২ জুন গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার আরেকটি উড়োজাহাজ উড্ডয়নের মাত্র ১২ মিনিটের মাথায় ইঞ্জিন বিকল হয়ে মাটিতে আছড়ে পড়েছিল। মর্মান্তিক ওই দুর্ঘটনায় উড়োজাহাজের ২৪১ জন আরোহী এবং ভূমিতে থাকা ১৯ জনের প্রাণহানি ঘটে।











