ভারতের পাঞ্জাব প্রদেশের ফিরোজপুরে বিয়ের আসরে এক অনাকাঙ্ক্ষিত ও চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতা ও সাতপাক ঘোরার ঠিক আগমুহূর্তে বরকে দেখে বিয়েতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছেন কনে। তাঁর অভিযোগ, বিয়ের আগে তাঁকে যে ছেলের ছবি দেখানো হয়েছিল, মণ্ডপে আসা বর সেই ব্যক্তি নন। কনের এই আকস্মিক অভিযোগের জেরে রাজস্থানের ছাতারগড় থেকে আসা বরযাত্রীদের শেষ পর্যন্ত খালি হাতেই ফিরে যেতে হয়েছে।
কনেপক্ষের এমন দাবির পর বিয়েবাড়িতে দুই পরিবারের মধ্যে চরম উত্তেজনা ও বিভ্রান্তির সৃষ্টি হয়। তবে ছবি বদল বা প্রতারণার এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বরের পরিবার। বরের নানা মহেন্দ্র সিং জানান, দুই পরিবারের পূর্ণ সম্মতিতেই এই বিয়ের আয়োজন করা হয়েছিল। তাঁর দাবি, বিয়ের প্রস্তুতির সময় ঘটক এবং কনের মায়ের মোবাইল ফোনে বরের আসল ছবিই পাঠানো হয়েছিল। এ নিয়ে আগে থেকে কোনো লুকোচুরি করা হয়নি।
দুই পক্ষের মধ্যে বাদানুবাদ চরম আকার ধারণ করলে বিষয়টি শেষ পর্যন্ত থানা-পুলিশ পর্যন্ত গড়ায়। ফিরোজপুরের গুরু হরসাহাই এলাকার ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) তেজিন্দরপাল সিং জানান, বরের পরিবারের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর পুলিশের উপস্থিতিতে দুই পরিবার নিজেদের মধ্যে আলোচনা করে বিরোধের মীমাংসা করে নেয়। তবে আপস-মীমাংসা হলেও শেষ পর্যন্ত এই বিয়ে আর সম্পন্ন হয়নি।
আরও











