ভারতের উত্তর প্রদেশে সম্পত্তি লিখে নিতে মৃত বাবার (৭৩) আঙুলের ছাপ নেওয়ার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। সম্প্রতি অমানবিক এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, উত্তর প্রদেশের লখনউয়ের খাদায়ুনহা গ্রামে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যদের মধ্যে সম্পত্তি নিয়ে আগে থেকে কোনো বিরোধ ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সম্পত্তি নিজেদের নামে লিখে নেওয়ার অসাধু উদ্দেশ্যেই ওই তরুণ এমন ন্যক্কারজনক কাজ করেছেন।
আরও


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, ছাই রঙের একটি চাদরে ঢাকা অবস্থায় শুয়ে আছেন ওই বৃদ্ধ। তাঁকে ঘিরে বসে আছেন স্বজনেরা। এরই মধ্যে চাদরের নিচ থেকে বাবার হাত বের করে আনেন ছেলে। পরে সেখানে উপস্থিত আরেকজনের সহযোগিতায় মৃত বাবার বৃদ্ধাঙ্গুলিতে কালি মাখিয়ে একটি সাদা কাগজে সেই আঙুলের ছাপ নেওয়া হয়। পুরো ঘটনাটি পরিবারের অন্য সদস্যদের সামনেই ঘটতে দেখা যায়। এমনকি ভিডিওতে একজনকে আঙুলের ছাপ নেওয়ার পদ্ধতিও বাতলে দিতে শোনা যায়।
এক্সে (সাবেক টুইটার) ভিডিওটি প্রকাশের পর তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। বাবার মৃত্যুর শোকের মধ্যেও স্রেফ সম্পত্তির লোভে এমন কাণ্ড দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। তবে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পুরো ঘটনাটি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।












