ভারতের স্বাধীনতা দিবসের ঠিক এক দিন আগে রাজধানী দিল্লির হাইকোর্ট ও ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। আজ শুক্রবার (১৪ আগস্ট) একটি ই–মেইলের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়। এই ঘটনার পর পুরো দিল্লিতে ব্যাপক আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে এবং সংশ্লিষ্ট স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করে তল্লাশি চালানো হচ্ছে।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ‘ব্লাস্ট দিল্লি হাইকোর্ট অ্যাট ২:১১ পিএম’ শিরোনামে পাঠানো ওই ই–মেইলে বলা হয়েছে, আগামীকাল শনিবার দুপুর ২টা ১১ মিনিটে দিল্লি হাইকোর্টে প্রথম বোমা বিস্ফোরণ ঘটানো হবে। এর ঠিক এক ঘণ্টা পর দিল্লির জেলা আদালতগুলোতেও হামলা চালানো হবে। খালিস্তানের নামে পাঠানো এই ই–মেইলে দাবি করা হয়, দিল্লির আদালতগুলোতে কেবল শিখদের বিরুদ্ধেই মামলা চলছে এবং এর প্রতিবাদেই এই বিস্ফোরণ ঘটানো হবে। এমনকি স্বাধীন শিখ রাষ্ট্র খালিস্তান প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনকারী গোষ্ঠীর সদস্যরা এরই মধ্যে দিল্লিতে পৌঁছেছে বলেও ই–মেইলে উল্লেখ করা হয়েছে।
আদালত প্রাঙ্গণ ছাড়াও দিল্লির আরও ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে হামলার হুমকি দেওয়া হয়েছে। এর মধ্যে জামনগর হাউস, ঝান্ডেওয়ালান ভবন, সাকেত অফিস, জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনাল এবং দিল্লি ক্যান্টনমেন্টের সাব–ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের কার্যালয় রয়েছে। পাশাপাশি দিল্লি মেট্রো ও আম্বালাগামী ট্রেনেও হামলার হুমকি দেওয়া হয়েছে। খবর পেয়ে হুমকি পাওয়া সব স্থানে দ্রুত দমকল বাহিনীর গাড়ি পাঠানো হয়। তবে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশিতে সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায়নি।












