Long Popup (2)
সর্বশেষ

১০০তম জন্মদিন উদযাপনে নাতির সাথে আকাশ থেকে ঝাঁপ দাদির

Web Image 20260816City

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রোজভিলের বাসিন্দা রুবি ম্যাকনালি। জীবনের শততম বসন্ত পেরোনোর বিশেষ দিনটি তিনি উদ্‌যাপন করেছেন একেবারেই ভিন্ন ও দুঃসাহসিক এক কায়দায়। শতবর্ষী এই নারী তাঁর ১০০তম জন্মদিনে আকাশ থেকে লাফ (স্কাইডাইভিং) দিয়ে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) ডেভিস শহরের স্কাইড্যান্স স্কাইডাইভিংয়ে পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে নিয়ে রোমাঞ্চকর এই অভিজ্ঞতার সাক্ষী হন তিনি।

রুবির এই স্কাইডাইভিংয়ের নেশা কিন্তু নতুন নয়। ৮০তম জন্মদিনে এক নাতির দেওয়া মজার চ্যালেঞ্জ থেকেই তাঁর এই দুঃসাহসিক যাত্রার শুরু। সেবার আকাশ থেকে ঝাঁপ দেওয়ার পর আর পিছু ফিরে তাকাননি তিনি। এরপর ৯০তম জন্মদিনে আবারও স্কাইডাইভিং করেন এবং ঘোষণা দেন, বেঁচে থাকলে ১০০ বছর বয়সেও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাবেন। রুবির মেয়ে শ্যারন ম্যাকনালি জানান, তাঁর মাকে কোনো বিষয়ে একবার সিদ্ধান্ত নিলে সেখান থেকে টলানো প্রায় অসম্ভব। এবারও শতবর্ষী এই নারীকে তাঁর ঝুঁকিপূর্ণ পরিকল্পনা থেকে বিরত রাখা পরিবারের কারও পক্ষেই সম্ভব হয়নি।

বয়সের ভার বা স্কাইডাইভিংয়ের ঝুঁকি নিয়ে রুবির নিজের মনে বিন্দুমাত্র ভয় বা সংশয় নেই। তাঁর সোজা কথা, কোনো কাজ করার আগে অতিরিক্ত চিন্তা করতে বসলে শেষ পর্যন্ত তা করার সাহসটাই হারিয়ে যায়। তাঁর এই শততম জন্মদিনের লাফে সঙ্গী হয়েছিলেন পরিবারের আরও ছয় সদস্য ও বন্ধু। নাতনি এপ্রিল বারটক উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, পৃথিবীতে খুব কম মানুষেরই ১০০ বছর বয়সী দাদির সঙ্গে স্কাইডাইভিং করার এমন বিরল সুযোগ হয়। এটি তাঁদের পরিবারের জন্য এক অনন্য ও স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।

দুঃসাহসিক এই নারী চান, তাঁর পরিবারের ভবিষ্যৎ প্রজন্মও স্কাইডাইভিংয়ের এই রোমাঞ্চকর ঐতিহ্য ধরে রাখুক। তাঁর নাতনিরা তো পরবর্তী লাফের জন্য আর ১০ বছর অপেক্ষা না করে প্রতিবছরই পরিবারের সবাইকে নিয়ে আকাশ থেকে ঝাঁপ দেওয়ার প্রস্তাব দিয়েছেন। আর ১১০ বছর বয়সে গিয়ে আবারও এমন রোমাঞ্চকর লাফ দেবেন কি না—এমন প্রশ্নের জবাবে আত্মবিশ্বাসী রুবির হাসিমাখা উত্তর, তিনি সেই লক্ষ্যেই এগোচ্ছেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate