ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে পুলিশের এক বিশেষ অভিযানে অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে ১২৪ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৪৮ জন পুরুষ, ৪২ জন নারী ও ৩৪ জন শিশু রয়েছে। আজ রোববার (৮ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও দ্য হিন্দুর পৃথক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বেঙ্গালুরু সিটি পুলিশ জানিয়েছে, গত শুক্রবার শহরটিতে এই বড় ধরনের অভিযান চালানো হয়। অভিযানে অন্তত ২০০ জন বিদেশি নাগরিককে আটক করা হয়, যাঁদের মধ্যে ১২৪ জন বাংলাদেশি বলে দাবি করছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, আটক ব্যক্তিরা গত কয়েক বছর ধরে বেঙ্গালুরু শহরের কাদুগোডি ও ভার্থুর থানা এলাকার বিভিন্ন স্থানে অস্থায়ী ঘরবাড়ি তৈরি করে অবৈধভাবে বসবাস করে আসছিলেন।
বেঙ্গালুরু পুলিশ কমিশনার সীমান্ত কুমার সিংয়ের নির্দেশে অবৈধ বিদেশিদের শনাক্ত করতে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের (সিসিবি) চারটি দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানের সময় আটক ব্যক্তিদের কারও কাছেই ভারতে প্রবেশ বা সেখানে বসবাসের কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, আটক ব্যক্তিরা যে প্রকৃতপক্ষেই বাংলাদেশি নাগরিক, এমন কোনো প্রামাণ্য দলিল বা নথিপত্রও তাঁদের কাছে মেলেনি।
আরও
বর্তমানে আটক এই ব্যক্তিদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের নিজ দেশে ফেরত পাঠানোসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে ইতিমধ্যে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে (এফআরআরও) একটি প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ। বেঙ্গালুরু সিটি পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের শনাক্ত করতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ বিভাগ, বৃহত্তর বেঙ্গালুরু কর্তৃপক্ষ এবং সমাজকল্যাণ বিভাগের সহায়তায় গত কয়েক দিন ধরে বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চলছে এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।













