বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চীনের গুয়াংঝুতে একটি স্থানীয় হোটেলে আলোচনা সভার আয়োজন করেছে দলটির চায়না শাখা। গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতা আসিফ হোসেন রুমপুর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বিএনপি চায়না শাখার সিনিয়র নেতা সাখাওয়াত হোসেন কানন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শেখ মাহবুবুর রশীদ, ওয়ালি উল্লাহ, হাসমত আলী মৃধা, হোসেন মোহাম্মদ সাখাওয়াত, মাসুদ আহম্মেদ মাসুদ, মো. খোরশেদ আলম আপু, মো. রাকিবুল ইসলাম, মো. নজিম আহম্মেদ নদীম ও মাহবুব জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বিএনপির ৪৮ বছরের দীর্ঘ রাজনৈতিক পথচলা, দলের প্রতিষ্ঠার ইতিহাস এবং দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলটির বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন। এ সময় তাঁরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও ১৯ দফা কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
আরও
আলোচনা সভায় চীনপ্রবাসী বাংলাদেশিরা সশরীরে উপস্থিত ছিলেন। এ ছাড়া চায়না বিএনপির বহু নেতাকর্মী ভার্চুয়ালি এই সভায় যুক্ত হন। সভা থেকে চায়না বিএনপির নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সাংগঠনিক তৎপরতা আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় এবং আগামী দিনের সব দলীয় কর্মসূচিতে সবাইকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।












