রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র কিংবা রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন ও জনবলের ওপর হামলা হলে গোপালগঞ্জের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলীর পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র এবং জরুরি রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীদের হামলার লক্ষ্যবস্তু করা থেকে বিরত থাকতে হবে। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে পুরো জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় জেলায় নিরবচ্ছিন্ন ও স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে সংশ্লিষ্ট স্থাপনা, যানবাহন ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছে ওজোপাডিকো।









