মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবা-মায়ের ওপর অভিমান করে থানায় গিয়ে মারধরের অভিযোগ জানিয়েছে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে চাঁদপুরের হাজীগঞ্জ থানায় ওই শিশু উপস্থিত হলে পুলিশসহ উপস্থিত সবার মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়। পরে পুলিশ বুঝিয়ে শিশুটিকে নিরাপদে তার পরিবারের কাছে হস্তান্তর করে।
থানায় অভিযোগ নিয়ে আসা ওই শিক্ষার্থীর নাম আলামিন। সে হাজীগঞ্জ উপজেলার ৬ নম্বর বড়কুল পূর্ব ইউনিয়নের মোহনপুর গ্রামের মো. শফিকের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। জানা গেছে, সম্প্রতি ব্যবহারের জন্য আলামিন তার বাবা-মায়ের কাছে একটি মোবাইল ফোনের আবদার করে। কিন্তু পরিবার থেকে ফোন কিনে না দেওয়ায় তাদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়। এর জেরে বাবা-মা তাকে মারধর করেছেন—এমন অভিযোগ তুলে রাতের বেলায় একা একাই থানায় হাজির হয় সে।

আরও
হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক জহির হোসেন শিশুটির সঙ্গে শান্তভাবে কথা বলে পুরো বিষয়টি শোনেন। তিনি জানান, শিশুটি মূলত অভিমান করেই বাবা-মায়ের বিরুদ্ধে এমন অভিযোগ নিয়ে থানায় এসেছিল। পরে তার বাবা-মাকে থানায় ডেকে আনা হয়। পারিবারিক বিষয়গুলো যেন রাগারাগি না করে ভালোবাসা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমাধান করা হয়, সে বিষয়ে তাঁদের পরামর্শ দেওয়া হয়েছে। ছোটখাটো বিষয় নিয়ে শিশুর মনে যাতে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, সে ব্যাপারেও অভিভাবকদের সতর্ক করেছে পুলিশ। পরে রাতেই আলামিনকে তার বাবা-মায়ের সঙ্গে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।










