প্রথমবারের মতো বাংলাদেশের মাটি ছুঁয়েছে সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা ‘রিয়াদ এয়ার’। আজ শনিবার সকাল সাড়ে ছয়টায় সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে আসা সংস্থাটির প্রথম ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সফলভাবে অবতরণ করে। এ সময় রানওয়েতে উড়োজাহাজটিকে ঐতিহ্যবাহী ‘ওয়াটার স্যালুট’ দিয়ে বর্ণাঢ্য আয়োজনে স্বাগত জানানো হয়।

ঐতিহাসিক এই মুহূর্ত উপলক্ষে বিমানবন্দরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত থেকে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগীব সামাদ এবং রিয়াদ এয়ারের চিফ কমার্শিয়াল অফিসার ভিন্সেন্ট কোস্টা। বক্তারা জানান, সৌদি আরবকে বিশ্বের প্রধান শহরগুলোর সঙ্গে যুক্ত করার পাশাপাশি যাত্রীদের জন্য বিশ্বমানের ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করাই রিয়াদ এয়ারের অন্যতম প্রধান লক্ষ্য। ঢাকা ও রিয়াদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনকারী এই নতুন উড়ানসেবা দুই দেশের বাণিজ্য ও পর্যটন খাতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
আরও


জানা গেছে, অত্যাধুনিক বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে ঢাকা ও রিয়াদের মধ্যে প্রতিদিন সরাসরি ফ্লাইট পরিচালনা করবে রিয়াদ এয়ার। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, রিয়াদ থেকে স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে ছেড়ে পরদিন বাংলাদেশ সময় সকাল ৬টা ১০ মিনিটে ঢাকায় অবতরণ করবে ফ্লাইটটি। এরপর ঢাকা থেকে সকাল ৭টা ৪০ মিনিটে উড়াল দিয়ে পুনরায় রিয়াদ পৌঁছাবে স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে। রিয়াদ এয়ার যুক্ত হওয়ায় এই রুটে চলাচলকারী যাত্রীদের জন্য আকাশপথের যাত্রা আরও সহজ ও আরামদায়ক হবে। বর্তমানে ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা এয়ারলাইনস এবং সৌদিয়া সরাসরি ফ্লাইট পরিচালনা করছে।










