Long Popup (2)
সর্বশেষ

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে ট্যাক্স নেওয়ার পরিকল্পনা সরকারের

QfdidRj51PdlnVKWMLkAxTR0HDlEo6U4uSYD7XoyProbashircityWebPopupUpdate

বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি আমন্ত্রণ জানালে অতিরিক্ত অতিথির ওপর কর আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন। তাঁর দাবি, বিয়েশাদিতে বিত্তবৈভবের অহেতুক প্রদর্শন ও অপচয় বন্ধ করা গেলে এক দিনেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অন্তত ১০ শতাংশ কমে আসবে। গতকাল শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭’ শীর্ষক এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সামাজিক অনুষ্ঠানগুলোতে বিপুল পরিমাণ অর্থের অপচয় হয় উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, বর্তমানে বিয়ে বা গায়েহলুদের মতো অনুষ্ঠানগুলোতে কল্পনাতীত অর্থ ব্যয় করা হয়। গায়েহলুদের অনুষ্ঠানে কোরিওগ্রাফি করে নাচার জন্য এক মাস ধরে প্রশিক্ষণ নেওয়া হয়। এসব অনুষ্ঠানে হাজার হাজার মানুষের সমাগম ঘটে এবং আয়োজনের একটি বড় অংশই অপচয় হয়। তিনি জানান, এসব আয়োজনে অতিথিরা যা খান, তার চেয়ে অর্ধেকের বেশি খাবার স্রেফ নষ্ট করা হয়, যা দ্রুত বন্ধ হওয়া প্রয়োজন।

এই সামাজিক অপচয় রোধে অতীতে প্রচলিত একটি আইনের কথা স্মরণ করিয়ে দেন মো. শাহাদাত হোসেন। তিনি বলেন, আগে দেশে একটি অতিথি নিয়ন্ত্রণ আইন ছিল, যেখানে ১০০ জনের বেশি অতিথি হলেই নির্দিষ্ট হারে কর ধার্য করা হতো। সেই আইনের আদলে নতুন করে প্রস্তাব তুলে ধরে তিনি বলেন, বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বাইরে প্রতিজন অতিরিক্ত অতিথির জন্য এক হাজার টাকা করে কর নির্ধারণ করতে হবে। এতে সামাজিক অনুষ্ঠানগুলোতে লাগামহীন ব্যয় ও লোকদেখানো প্রবণতা অনেকটাই কমে আসবে।

বক্তব্যের শেষ পর্যায়ে উপস্থিত সবার উদ্দেশে বিএনপি নেতা শাহাদাত হোসেন দৃঢ়তার সঙ্গে বলেন, বিয়েশাদিতে বিত্তবৈভবের এই ধরনের দৃষ্টিকটু প্রদর্শনী যদি বন্ধ করা যায়, তবে তা দেশের সার্বিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। সামাজিক এই অপচয় ও অর্থের যথেচ্ছ ব্যবহার রুখতে পারলে এক দিনের মধ্যেই বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ১০ শতাংশ পর্যন্ত কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate