রাজধানী ঢাকায় হঠাৎ বৈরী আবহাওয়া ও ঝোড়ো হাওয়ার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামায় বিঘ্ন ঘটেছে। সোমবার (২৫ মে) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে তীব্র ঝড়ের কবলে পড়ে বেশ কয়েকটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। পরিস্থিতি বিবেচনায় বাধ্য হয়ে একটি আন্তর্জাতিক ফ্লাইট ভারতের কলকাতায় এবং অপর একটি অভ্যন্তরীণ ফ্লাইট পুনরায় চট্টগ্রামে ফিরে যায়।

বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চীনের গুয়াংজু থেকে আসা চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী ফ্লাইট দুপুর ১২টার দিকে ঢাকায় অবতরণের কথা ছিল। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে ঢাকার আকাশে বেশ কিছুক্ষণ চক্কর দেওয়ার পরও নামতে না পেরে ফ্লাইটটি গন্তব্য পরিবর্তন করে কলকাতার উদ্দেশে চলে যায়। প্রায় একই সময়ে চট্টগ্রাম থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকাগামী একটি ফ্লাইট অবতরণের একেবারে শেষ পর্যায়ে পৌঁছেও ঝুঁকি এড়াতে নামতে ব্যর্থ হয় এবং পুনরায় চট্টগ্রামে ফিরে যেতে বাধ্য হয়।
আরও
আকস্মিক এই ঝোড়ো আবহাওয়ার প্রভাবে বিমানবন্দরে আরও বেশ কয়েকটি ফ্লাইটের স্বাভাবিক সূচি ব্যাহত হয়। কাতার এয়ারওয়েজ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং থাই এয়ারওয়েজের একাধিক ফ্লাইট নির্ধারিত সময়ে রানওয়ে ছুঁতে পারেনি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, যাত্রীদের জানমালের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পাইলটরা এ সময় বিকল্প সিদ্ধান্ত গ্রহণ করেন।
পরবর্তীতে দুপুর সাড়ে ১২টার পর পরিস্থিতির কিছুটা উন্নতি হলে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে। আবহাওয়া অনুকূলে আসায় আকাশে অপেক্ষমাণ ফ্লাইটগুলো ধাপে ধাপে নিরাপদে অবতরণ করতে শুরু করে। তবে ঘণ্টাখানেকের এই বৈরী আবহাওয়ার কারণে ঠিক কতগুলো ফ্লাইট সরাসরি প্রভাবিত হয়েছে এবং যাত্রীদের সার্বিকভাবে কতটা সময় বিলম্বের শিকার হতে হয়েছে, সে বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত ও সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান জানা যায়নি।










