আটককৃত ইমামের নাম মো. আক্তার হোসেন (৩১)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার জালালপুর গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে। আক্তার হোসেন গহরদী ফাঁকা বাড়ি জামে মসজিদে ইমাম হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মসজিদের ইমাম থাকাকালীন স্থানীয় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে তাঁর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এরই জেরে গত ৪ মে ওই নারী দুই সন্তানকে রেখে ইমামের সঙ্গে উধাও হন। ঘটনার দুই দিন পর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে ব্রাহ্মণবাড়িয়া থেকে ওই নারীকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে আনেন।
উদ্ধার হয়ে আসার পর মঙ্গলবার সকালে ইমাম আক্তার হোসেন পুনরায় ওই নারীর মোবাইলে ক্ষুদে বার্তা (SMS) পাঠিয়ে তাঁকে নগদ ৫০ হাজার টাকা নিয়ে গোপালদী বাজারে আসতে বলেন। বিষয়টি ওই নারীর পরিবারের নজরে এলে তাঁরা কৌশলী হন। পরিবারের লোকজন স্থানীয়দের সহায়তায় নির্ধারিত সময়ে গোপালদী বাজার সিএনজি স্ট্যান্ডে ওত পেতে থাকেন। ইমাম আক্তার হোসেন সিএনজি যোগে বাজারে নামামাত্রই স্থানীয়রা তাঁকে আটক করে গহরদী মধ্যপাড়া এলাকায় নিয়ে আসে এবং গাছে বেঁধে গণপিটুনি দেয়।
ঘটনার বিষয়ে আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) বাসেদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত ইমামকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।








