জামালপুরের সরিষাবাড়ীতে স্বামীর অনলাইন জুয়ায় আসক্তি, ঋণের কিস্তির চাপ এবং পারিবারিক কলহের জেরে আমিনা বেগম (৩২) নামে দুই সন্তানের এক জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাখিমারা দক্ষিণপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আমিনা বেগম ওই গ্রামের সৌদি প্রবাসী শিপন মিয়ার স্ত্রী এবং সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার ভাঙ্গাবাড়ি এলাকার আব্দুল হাকিমের মেয়ে। প্রবাসীর স্ত্রীর এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় চরম চাঞ্চল্য ও গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে আমিনা বেগম ও তাঁর দুই সন্তান রাতের খাবার খেয়ে নিজেদের ঘরে ঘুমিয়ে পড়েন। এরপর গভীর রাতে সবার অজান্তে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়ে সাফিয়া আক্তার জানায়, রাত আনুমানিক দুইটার দিকে ঘুম থেকে জেগে সে তার মাকে বিছানায় দেখতে পায়নি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের রুমে গিয়ে মাকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ সময় তার চিৎকারে দাদা-দাদি ও আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং হতভাগী এই গৃহবধূর নিথর দেহ দেখতে পান।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, স্বামী শিপন মিয়া ৫ বছর আগে বিপুল পরিমাণ টাকা ঋণ করে সৌদি আরবে গিয়েছিলেন। কিন্তু সম্প্রতি তিনি অনলাইনে জুয়া খেলায় মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়েন। জুয়ার নেশায় টাকা উড়িয়ে দেওয়ায় তিনি প্রবাস থেকে পরিবারকে নিয়মিত টাকা পাঠানো বন্ধ করে দেন। এর ফলে বিদেশ যাওয়ার সময় বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধ করতে গিয়ে চরম বিপাকে পড়েন আমিনা বেগম। একদিকে ঋণের বোঝা, অন্যদিকে প্রবাস থেকে টাকা না পাঠানো—এসব নিয়ে মুঠোফোনে স্বামীর সঙ্গে তাঁর প্রায়ই বাগবিতণ্ডা হতো। মূলত স্বামীর এমন দায়িত্বহীনতা এবং ঋণের চাপ সইতে না পেরেই তীব্র মানসিক যন্ত্রণা থেকে তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে এলাকাবাসীর প্রাথমিক ধারণা।
আরও
আত্মহত্যার খবর পেয়ে সরিষাবাড়ী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও জানান, এই আত্মহত্যার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।










