সর্বশেষ

সম্পত্তির জন্য বাবার লাশ দাফনে সন্তানদের বাঁধা

ReceivedWeb Popup (3)

লক্ষ্মীপুরের কমলনগরে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে বাবার লাশ দাফনে বাধা দেওয়ার ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। সোমবার দুপুরে উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মৃত রুহুল আমিনের বাড়িতে এই ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, সম্পত্তি নিয়ে বিরোধে দুই পরিবারের সদস্যদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ অসুস্থতার পর সোমবার ভোরে মারা যান রুহুল আমিন। তিনি দুইটি বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রী বিবি হনুফা ও তাঁর সন্তানদের সঙ্গে বিচ্ছিন্ন সম্পর্ক রেখে তিনি দ্বিতীয় স্ত্রী রিজিয়া বেগমের সঙ্গে বসবাস করতেন। সময়ের সঙ্গে তিনি প্রায় ৬ একর সম্পত্তির ভোগদখলও দ্বিতীয় সংসারের সন্তানদের হাতে তুলে দেন। অভিযোগ অনুযায়ী, রিজিয়ার ছেলে সোহেল বিভিন্ন কৌশলে এসব সম্পত্তি নিজের নিয়ন্ত্রণে নেন।

বাবার মৃত্যুর খবর পেয়ে প্রথম সংসারের সন্তান মোফাশ্বেরা বেগম, নাসিমা আক্তার শরীফসহ অন্যরা বাড়িতে গিয়ে সম্পত্তির হিসাব চাইলে সোহেল তাদের হুমকি দিয়ে তাড়ানোর চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। পরে এলাকাবাসী বিষয়টি জানতে চাইলে সোহেল দাবি করেন, তার কাছে বাবার কোনো সম্পত্তি নেই। পরিস্থিতি আরও উত্তপ্ত হলে তিনি বাবার লাশ উঠানে রেখে পালিয়ে যান।

ঘটনাটি এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয়রা জানান, সম্পত্তি নিয়ে বিরোধ থাকলেও মৃত ব্যক্তির প্রতি এমন আচরণ অমানবিক ও নিন্দনীয়। তারা দ্রুত সমস্যার সমাধানে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে মৌখিক অভিযোগ পাওয়া গেছে। প্রথমে মৃত ব্যক্তির দাফন সম্পন্ন করার জন্য উভয় পক্ষকে পরামর্শ দেওয়া হয়েছে। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup