বাংলাদেশি নাগরিকদের জন্য রোমানিয়ার ভিসা আবেদন জমাদানের সুযোগ আরও বিস্তৃত করা হয়েছে। নয়াদিল্লিস্থ রোমানিয়া দূতাবাস কূটনৈতিক পত্রের মাধ্যমে জানায়, এখন থেকে শিক্ষা ভিসা এবং পারিবারিক পুনর্মিলন ভিসার আবেদন একাধিক দেশে অবস্থিত রোমানিয়ান মিশনে জমা দেওয়া যাবে।
সোমবার (৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এতদিন বাংলাদেশিদের এসব ভিসার আবেদন শুধু নয়াদিল্লির রোমানিয়া দূতাবাসেই জমা দেওয়ার প্রচলন ছিল। এর ফলে আবেদনকারীদেরকে ভারতে যাতায়াতসহ বিভিন্ন প্রক্রিয়ায় বাড়তি সময় ও খরচ ব্যয় করতে হতো।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশিরা শিক্ষা ভিসা ও পারিবারিক পুনর্মিলন ভিসার আবেদন এখন থেকে নয়াদিল্লির পাশাপাশি কুয়ালালামপুর, হ্যানয় এবং ব্যাংককে অবস্থিত রোমানিয়ার দূতাবাসেও জমা দিতে পারবেন। এতে আবেদনকারীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ ও সাশ্রয়ী হবে বলে আশা করা হচ্ছে।
আরও
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোমানিয়ার এই সিদ্ধান্ত বাংলাদেশের নাগরিকদের চলাচল, শিক্ষা এবং পারিবারিক পুনর্মিলন সংক্রান্ত কার্যক্রমকে আরও গতিশীল করবে। পাশাপাশি দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলেও উল্লেখ করা হয়।
ভিসা আবেদন সংক্রান্ত নিয়মাবলি ও প্রয়োজনীয় কাগজপত্রের তথ্য সংশ্লিষ্ট রোমানিয়ান মিশনের ওয়েবসাইট ও বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে বলেও জানানো হয়েছে।










