সর্বশেষ

সুখবর, সৌদিতে বাংলাদেশি কর্মী নিয়োগের চুক্তি সই

Good news, agreement signed to employ bangladeshi workers in saudi arabiaWeb Popup (3)

সৌদি আরবে বাংলাদেশি কর্মী নিয়োগে প্রথমবারের মতো দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সৌদি রাজধানী রিয়াদে এই ঐতিহাসিক চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং সৌদি আরবের পক্ষে মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রী ইঞ্জিনিয়ার আহমেদ বিন সোলাইমান আল-রাজী।

দীর্ঘ ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে এটাই প্রথম সাধারণ কর্মী নিয়োগসংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি। উল্লেখ্য, ১৯৭৬ সাল থেকে সৌদি আরবে অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হলেও এতদিন এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সমঝোতা ছিল না। এর আগে ২০১৫ সালে গৃহকর্মী নিয়োগ এবং ২০২২ সালে দক্ষতা যাচাই সংক্রান্ত দুটি চুক্তি সম্পাদিত হয়।

নতুন এই চুক্তির মাধ্যমে সৌদি আরবে বিভিন্ন পেশায় দক্ষ ও অদক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের সুযোগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি কর্মী ও নিয়োগকর্তা—উভয়ের অধিকার ও স্বার্থ সুরক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্লেষকদের মতে, এ উদ্যোগ দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

চুক্তি স্বাক্ষরের আগে এক বৈঠকে উপদেষ্টা আসিফ নজরুল সৌদি মন্ত্রীকে কর্মীদের চুক্তি বাস্তবায়ন, ইকামা নবায়নের দায়িত্ব নিয়োগকর্তাদের ওপর রাখার বিষয় এবং দেশে ফেরার ইচ্ছুক কর্মীদের দ্রুত এক্সিট ভিসা প্রদানের অনুরোধ জানান। সৌদি মন্ত্রী এসব বিষয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন এবং বাংলাদেশকেও নিরাপদ অভিবাসন নিশ্চিতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন, মিশন উপপ্রধান এস এম নাজমুল হাসান ও শ্রম কাউন্সেলর মুহাম্মাদ রেজায়ে রাব্বীসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup