হবিগঞ্জের চুনারুঘাটে মা, ভাই ও ভাবিদের সঙ্গে কথা-কাটাকাটির জেরে হামলায় সফিক মিয়া (৪৩) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। রোববার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ঘরগাঁও খামারপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সফিক ওই গ্রামের ছায়েদ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে থাকার পর সম্প্রতি দেশে ফিরেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে পারিবারিক বিষয় নিয়ে সফিক মিয়ার সঙ্গে তার মা, ভাই ও ভাবিদের তীব্র বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা সফিকের ওপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে চুনারুঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।
আরও
চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. আল আমিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।










