সর্বশেষ

ভারতে মার্কিন পণ্য বর্জনের ডাক

Calls for boycott of us products in indiaWeb Popup (3)

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার পরপরই ভারতে মার্কিন বহুজাতিক কোম্পানির পণ্য বর্জনের ডাক উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যাকডোনাল্ডস, কোকা-কোলা, আমাজন ও অ্যাপলের মতো জনপ্রিয় ব্র্যান্ড তীব্র সমালোচনার মুখে পড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থক ও ব্যবসায়ীরা এ শুল্কের প্রতিবাদে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানাচ্ছেন। ওয়াও স্কিন সায়েন্সের সহপ্রতিষ্ঠাতা মনীশ চৌধুরী সামাজিক মাধ্যমে কৃষক ও স্থানীয় স্টার্টআপগুলোকে সমর্থনের অনুরোধ জানিয়ে বলেছেন, ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্য বিশ্ববাজারে জনপ্রিয় করে তুলতে হবে। দক্ষিণ কোরিয়ার সাফল্যের উদাহরণ টেনে তিনি খাদ্য ও প্রসাধনসামগ্রী খাতে ভারতকেও একই পথ অনুসরণের পরামর্শ দেন।

এদিকে ভারতীয় প্রতিষ্ঠান ড্রাইভইউ-এর প্রধান নির্বাহী রাহম শাস্ত্রী মনে করেন, চীনের মতো ভারতেরও নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রযুক্তি প্ল্যাটফর্ম থাকা উচিত। যদিও মার্কিন পণ্য বর্জনের ফলে বিক্রিতে বড় কোনো প্রভাব এখনো দেখা যায়নি, তবে অনলাইনে দেশীয় পণ্য কেনার প্রচারণা ক্রমেই জোরদার হচ্ছে। ম্যাকডোনাল্ডস, কোকা-কোলা, আমাজন ও অ্যাপল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

রোববার বেঙ্গালুরুর এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি বলেন, ভারতীয় প্রযুক্তি কোম্পানিগুলো বিশ্বজুড়ে পণ্য সরবরাহ করছে, তবে এখন দেশের অভ্যন্তরীণ চাহিদাকে অগ্রাধিকার দেওয়ার সময় এসেছে। তিনি আত্মনির্ভর ভারত গড়তে দেশবাসীর প্রতি বিশেষ আহ্বান জানান। এর আগে বারাণসীতে এক জনসভায় মোদি প্রতিটি নাগরিককে স্বদেশি পণ্য কেনার সংকল্প নেওয়ার আহ্বান জানান এবং দেশের কৃষক, শিল্প ও তরুণদের কর্মসংস্থানকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার কথা বলেন।

তবে বিদেশি ব্র্যান্ড বর্জনের আহ্বানের মধ্যেও নিউ দিল্লিতে টেসলা তাদের দ্বিতীয় শোরুম চালু করেছে, যেখানে ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয় ও মার্কিন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে, মোদির দল বিজেপির সহযোগী সংগঠন ‘স্বদেশি জাগরণ মঞ্চ’ দেশজুড়ে ছোট ছোট সমাবেশ করে মার্কিন ব্র্যান্ড বর্জনের প্রচারণা চালাচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup