সর্বশেষ

খেলনা ভেবে মর্টার শেল নিয়ে খেলছিল শিশুরা, হঠাৎ বিস্ফোরণ

Children were playing with mortar shells, thinking they were toys, when they suddenly exploded

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে আবারও ঘটেছে শিশুদের করুণ প্রাণহানির ঘটনা। সোরবন্দ গ্রামে মাঠে খেলতে গিয়ে একটি মর্টার শেল খুঁজে পায় কিছু শিশু। খেলনা ভেবে সেটি বাড়িতে নিয়ে গেলে অল্প সময়ের মধ্যেই সেটি বিস্ফোরিত হয়। এ ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় পাঁচ শিশু এবং আহত হয় আরও অন্তত ১২ জন। শনিবার (২ আগস্ট) দ্য এক্সপ্রেস ট্রিবিউনের বরাতে এ তথ্য জানা গেছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটে লাক্কি মারওয়াত জেলার সোরবন্দ এলাকায়। শিশুদের খেলার সময় মাঠে পড়ে থাকা মর্টার শেলটি তারা কৌতূহলবশত ঘরে নিয়ে আসে। কিছুক্ষণ পর সেটি হঠাৎ বিস্ফোরিত হলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসা কর্তৃপক্ষ।

বান্নু অঞ্চলের পুলিশ মুখপাত্র আমির খান জানান, আহতদের অবিলম্বে খলিফা গুল নওয়াজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। বান্নু রেঞ্জের আঞ্চলিক পুলিশ কর্মকর্তা সাজ্জাদ খান হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারদের পাশে থাকার আশ্বাস দেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল পাঠানো হয়েছে। তারা আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, পরিবারগুলোর পাশে সব ধরনের সহায়তা থাকবে এবং এই ঘটনার পেছনে যদি কারও অবহেলা বা দায় থেকে থাকে, তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে।

এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা পাকিস্তানে নতুন নয়। সন্ত্রাসবিরোধী অভিযানে ব্যবহৃত বিস্ফোরক দ্রব্য অনেক সময় এলাকায় পড়ে থাকে, যা না জেনে শিশুদের হাতে চলে আসে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই অব্যবস্থাপনা বন্ধ না হলে ভবিষ্যতে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে। এর আগে, গত বছর বেলুচিস্তান ও সিন্ধু প্রদেশেও এমন বিস্ফোরণে শিশুরা নিহত হয়েছিল।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Japan slim gif (1)
Probashir city web post