সর্বশেষ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত, হাসপাতালে দুজন

3 bangladeshis killed in road accident in malaysia, two hospitalizedWeb Popup (3)

মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় মহাসড়কে (ইস্ট কোস্ট হাইওয়ে) ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন বাংলাদেশি নাগরিক। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুয়ানতান শহরের নিকটবর্তী ২০০.৮ কিলোমিটার পিলার পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের বরাতে মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা জানায়, একটি টয়োটা অ্যাভাঞ্জা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান চালক মো. সাব্বির হাসান (৩০) এবং যাত্রী মো. জাহিদ হাসান (২১) ও আবদুল্লাহ (২৪)। তাঁরা সবাই বাংলাদেশি নাগরিক ছিলেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনার সময় গাড়িটি কুয়ানতান থেকে কুয়ালালামপুরের দিকে যাচ্ছিল। চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার বাম পাশে ছিটকে পড়ে। এতে গাড়িতে থাকা অপর দুই যাত্রী মো. হাবিব বিশ্বাস (৪৫) ও মনিরাম চন্দ্র বসু (৪০) মারাত্মক আহত হন। তাঁদের দ্রুত কুয়ানতানের টেংকু আমপুয়ান আফজান হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানিয়েছে, নিহত চালকের কোনো বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না। এছাড়া ব্যবহৃত গাড়িটির রোড ট্যাক্সও চলতি বছরের মে মাসে মেয়াদোত্তীর্ণ হয়েছে। এসব বিষয়কে গুরুত্বের সঙ্গে তদন্তের আওতায় আনা হয়েছে।

দুর্ঘটনার বিষয়ে মালয়েশিয়ার পুলিশ ১৯৮৭ সালের সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারা অনুযায়ী তদন্ত চালিয়ে যাচ্ছে, যা বেপরোয়া ও অবহেলাজনিত চালনার ফলে প্রাণহানির ঘটনায় প্রযোজ্য। নিহতদের মরদেহ স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এদিকে, কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাস বিষয়টি পর্যবেক্ষণ করছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup