যুক্তরাষ্ট্রে ধর্মান্তরের মাধ্যমে ইসলাম ধর্মের দ্রুত প্রসার ঘটছে। পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, দেশটিতে প্রতিবছর প্রায় ২০ থেকে ৩০ হাজার আমেরিকান আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। প্রযুক্তি, মুক্ত তথ্যপ্রবাহ এবং ইসলাম ধর্মের প্রতি ক্রমবর্ধমান কৌতূহলের কারণে হাজার হাজার মানুষ প্রথাগত জীবনধারা ছেড়ে নতুন এই বিশ্বাসে দীক্ষিত হচ্ছেন।
ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠানটির ওই গবেষণাপত্রের তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রাপ্তবয়স্ক মুসলিমদের অন্তত ২০ শতাংশ, অর্থাৎ প্রতি পাঁচজনের একজনই ধর্মান্তরিত। শৈশবে তাঁরা অন্য ধর্মে বিশ্বাসী ছিলেন অথবা ধর্মহীন পরিবেশে বেড়ে উঠেছেন। ধর্মান্তরিত হওয়া এসব মানুষের মধ্যে ১৭ শতাংশ খ্রিষ্টানসহ অন্যান্য ধর্মাবলম্বী ছিলেন এবং বাকি ৩ শতাংশের কোনো সুনির্দিষ্ট ধর্মীয় পরিচয় ছিল না।
গবেষণায় আরও বলা হয়েছে, ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণের দিক থেকে বর্তমানে বিশ্বের ১৩টি দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে ২০১৭ সালে পিউ রিসার্চের এক জরিপেও একই ধরনের চিত্র উঠে এসেছিল। ওই সময় ইসলাম গ্রহণকারী মার্কিন নাগরিকদের প্রায় অর্ধেকই ছিলেন প্রোটেস্ট্যান্ট এবং ২০ শতাংশ ছিলেন ক্যাথলিক খ্রিষ্টান। আমেরিকার সামাজিক প্রেক্ষাপটে ধর্মান্তরের এই নীরব ও বৈপ্লবিক পরিবর্তনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ধর্ম বিশেষজ্ঞরা।










