সর্বশেষ

যুক্তরাষ্ট্রে গুলি করে নিজের ৭ সন্তানসহ ৮ জনকে খুন!

7ProbashircityWebPopupUpdate

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে নিজের সাত সন্তানসহ আট শিশুকে গুলি করে হত্যা করেছেন এক ব্যক্তি। এ ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। পরে পুলিশের ধাওয়ার মুখে পড়ে গুলিতে প্রাণ হারান অভিযুক্ত ওই হামলাকারী। স্থানীয় সময় রোববার (১৯ এপ্রিল) ভোরে লুইজিয়ানার শ্রিভপোর্ট শহরে মর্মান্তিক এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

শ্রিভপোর্ট পুলিশ বিভাগের মুখপাত্র ক্রিস বোর্ডেলন জানান, রোববার ভোরে শহরের দুটি বাড়িতে এই নৃশংস হামলা চালান শামার এলকিন্স নামের ওই ব্যক্তি। নিহত শিশুদের বয়স এক থেকে ১২ বছরের মধ্যে। এ ছাড়া হামলায় আহত দুই প্রাপ্তবয়স্ক ব্যক্তির মধ্যে একজন অভিযুক্তের সন্তানদের মা। এই হত্যাকাণ্ডের পর সন্দেহভাজন এলকিন্স গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাঁকে ধাওয়া করে। একপর্যায়ে পুলিশের গুলিতে তাঁর মৃত্যু হয়।Elkins 20260420

 

 

কী কারণে এত বড় নৃশংসতা চালানো হলো, তা এখনো নিশ্চিতভাবে জানতে পারেননি তদন্তকারী কর্মকর্তারা। পুলিশ কর্মকর্তা বোর্ডেলন জানিয়েছেন, ঘটনার পেছনের কারণ উদ্‌ঘাটনে ব্যাপক তদন্ত চলছে। তবে পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জের ধরেই এই ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশের পুরোনো রেকর্ড অনুযায়ী, অভিযুক্ত শামার এলকিন্স এর আগে ২০১৯ সালে আগ্নেয়াস্ত্র আইনের একটি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।

এদিকে হৃদয়বিদারক এই ঘটনা পুরো শ্রিভপোর্ট শহরকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। শহরের মেয়র টম আর্সেনো এটিকে তাঁর দেখা ‘সবচেয়ে ভয়াবহ ও মর্মান্তিক ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন। এ ছাড়া মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ও শ্রিভপোর্টের বাসিন্দা মাইক জনসন এবং লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। স্পিকার জনসন জানিয়েছেন, তাঁর দল পুরো বিষয়টি নিয়ে স্থানীয় পুলিশের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রাখছে।

যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতার কারণে এ ধরনের বন্দুক হামলার ঘটনা প্রায় নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই ভয়াবহ ঘটনার পরিসংখ্যান বাদেও চলতি বছর দেশটিতে অন্তত ১১৯টি গুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ৭৯ জন শিশুসহ মোট ১১৭ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও অন্তত ৪৫৮ জন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate