পাসপোর্ট, ভিসা আর স্বাস্থ্য পরীক্ষা- বিদেশ যাওয়ার সব প্রস্তুতিই শেষ হয়েছিল মোহাম্মদুর রহমানের। আর মাত্র এক সপ্তাহ পরই সৌদি আরবের উদ্দেশে দেশ ছাড়ার কথা ছিল তাঁর। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। এর আগেই সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে পাড়ি জমালেন কক্সবাজারের চকরিয়া উপজেলার এই তরুণ।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার ফকিরা বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঈদগাঁও বাজারের একটি ট্রাভেল এজেন্সি থেকে কাজ সেরে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন মোহাম্মদুর। পথে হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হলে মোহাম্মদুরসহ পাঁচজন প্রাণ হারান। মোহাম্মদুর ছিলেন চার ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট। মা-বাবা এবং ১৬ বছর আগে মারা যাওয়া এক ভাইয়ের সংসারেই বড় হয়েছিলেন তিনি। পরে মনিহারি দোকান চালিয়ে সেই পরিবারের হাল ধরেন। বিদেশ যাওয়ার প্রস্তুতির জন্য তিন মাস আগে দোকানটি ছেড়ে দিয়েছিলেন তিনি।
ভাইয়ের মরদেহের পাশে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন বড় ভাই মোহাম্মদ হোসেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, মা-বাবাহীন এতিম ভাইটা পরিবারের হাল ধরেছিল, বিদেশ যাওয়ার আগেই সড়ক দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল।









