থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের পূর্বাঞ্চলে একটি তেলের ডিপোতে বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাং না জেলার ‘বাংচাক’ তেল ডিপোতে এই বিস্ফোরণ ও আগুন লাগার পর নিরাপত্তার স্বার্থে আশপাশের বাসিন্দাদের দ্রুত এলাকা ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন। খবর থাই এনকুয়েরারের।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ডিপোটিতে প্রথমে বিস্ফোরণ হয় এবং এরপরই সেখানে বিশাল আকৃতির আগুন ধরে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে ডিপোটি থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে। বাং না জেলার স্থানীয় সরকার তাদের অফিশিয়াল ফেসবুক পেজে নিরাপত্তার জন্য সাধারণ মানুষকে তাৎক্ষণিকভাবে ওই এলাকা ছাড়ার আহ্বান জানিয়েছে। ইতিমধ্যে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং সতর্কতা হিসেবে আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে দূরে থাকা ও সরকারি নির্দেশনা অনুসরণের অনুরোধ করা হয়েছে। তবে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি এবং তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
ব্যাংককের পূর্বাঞ্চলের এই তেলের ডিপোটি পরিচালনা করে থাইল্যান্ডের শীর্ষস্থানীয় জ্বালানি প্রতিষ্ঠান বাংচাক করপোরেশন। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, প্রতিদিন ১ লাখ ২০ হাজার ব্যারেল তেল ধারণক্ষমতাসম্পন্ন এই স্থাপনাটি থাইল্যান্ডের পঞ্চম বৃহত্তম তেলের ডিপো এবং এটিই দেশটির একমাত্র ডিপো, যা শহরের ভেতরে অবস্থিত।










