সর্বশেষ
ব্রেকিং

মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে নববধূ নিয়ে বাড়ি ফিরলেন প্রবাসী

Biye 1Web Popup (3)

বিয়ের পর নববধূকে নিয়ে হেলিকপ্টারে নিজ গ্রামে ফেরার স্বপ্ন ছিল ফ্রান্সপ্রবাসী শাহিন ফকির ও তাঁর মায়ের। তবে সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই মারা যান মা মিনারা বেগম। অবশেষে প্রয়াত মায়ের অপূর্ণ ইচ্ছা পূরণে গতকাল বুধবার (২৫ নভেম্বর) ঢাকা থেকে হেলিকপ্টারে নববধূকে নিয়ে ভোলার বোরহানউদ্দিনে নিজ বাড়িতে ফিরেছেন শাহিন। ব্যতিক্রমী এই আয়োজন দেখতে আশপাশের গ্রাম থেকে ভিড় করেন শত শত মানুষ।

Biye

শাহিন ফকির বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফকিরকান্দি গ্রামের সর্দার বাড়ির মো. সিরাজের ছেলে। দীর্ঘ সাত বছর ধরে ফ্রান্সে বসবাস করছেন তিনি। সম্প্রতি ঢাকার চিটাগাং রোডের সাদ্দাম মার্কেটসংলগ্ন কনকর্ড টাওয়ারে পারিবারিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাহিন। আগের দিন মঙ্গলবার তাঁদের বাড়ি ফেরার পরিকল্পনা থাকলেও সরকারি সফরের কারণে আকাশসীমায় বিধিনিষেধ থাকায় তা সম্ভব হয়নি। পরে গতকাল বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকা থেকে নববধূকে নিয়ে টবগী ইউনিয়নে অবতরণ করে হেলিকপ্টারটি।

অনুভূতি জানিয়ে শাহিন ফকির বলেন, জীবনের এই বিশেষ মুহূর্তটি সবার চেয়ে একটু ব্যতিক্রমীভাবে উদ্‌যাপন করতেই ঢাকা থেকে হেলিকপ্টারে নববধূকে নিয়ে আসার আয়োজন করেছেন। শাহিনের বাবা মো. সিরাজ জানান, তাঁর প্রয়াত স্ত্রী মিনারা বেগমের স্বপ্ন ছিল ছেলে বিয়ে করে একদিন হেলিকপ্টারে চড়ে নববধূকে বাড়িতে নিয়ে আসবে। ছেলের এমন উদ্যোগে মায়ের সেই অপূর্ণ স্বপ্ন পূরণ হয়েছে বলে জানান তিনি।

এদিকে গ্রামে হেলিকপ্টার অবতরণের খবর ছড়িয়ে পড়তেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত নারী-পুরুষ সেখানে ভিড় করেন। অনেকেই মুঠোফোনে নবদম্পতির আগমনের দৃশ্য ধারণ করেন। স্থানীয় বাসিন্দা শরীফ জানান, গ্রামে সচরাচর এমন দৃশ্য দেখা যায় না। ব্যতিক্রমী এই আয়োজনে এলাকাবাসী আনন্দিত ও গর্বিত বলে জানিয়ে নবদম্পতির সুখী দাম্পত্য জীবন কামনা করেছেন স্থানীয়রা।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)