ইরান যুদ্ধে উপসাগরীয় অঞ্চলের গুপ্ত বা গোপন বিজয়ী হয়ে উঠেছে ওমান। তেল-গ্যাসের বিশাল ভাণ্ডার না থাকলেও দেশটির ভৌগোলিক অবস্থানই এখন আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। হরমুজ প্রণালিতে ইরানের কঠোর নিয়ন্ত্রণের কারণে প্রতিবেশী দেশগুলো চাপে পড়েছে। কিন্তু ভারত মহাসাগরের তীরবর্তী বন্দরগুলো দিয়ে নির্বিঘ্নে জ্বালানি রপ্তানি করছে ওমান।
উপসাগরীয় আরব রাজতন্ত্রগুলোর মধ্যে ওমানের অর্থনীতি এখন সবচেয়ে দ্রুতগতিতে বাড়ছে। চলতি বছর দেশটির প্রবৃদ্ধি ৪ দশমিক ৫ শতাংশে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। বিপরীতে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাস অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের প্রবৃদ্ধি মাত্র ০ দশমিক ২ শতাংশ হতে পারে। এ ছাড়া সৌদি আরবের অর্থনীতি ৩ দশমিক ৩ শতাংশ এবং কাতারের অর্থনীতি ১৪ দশমিক ৫ শতাংশ সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে।
ওমানের অর্থনীতি ও ব্যবসা পরামর্শক প্রতিষ্ঠান ‘দ্য ফার্ম’-এর কর্মকর্তা আদহাম আল সাইদ মনে করেন, এটি কেবল সৌভাগ্য নয়, বরং ভালো প্রস্তুতিরও ফল। সাম্প্রতিক বছরগুলোতে ওমান সরকার আর্থিক সংস্কারের মাধ্যমে বাজেট ঘাটতি কাটিয়ে উদ্বৃত্ত তৈরি করেছে। ২০২০ সালে যেখানে সরকারি ঋণ ছিল জিডিপির ৬৮ শতাংশ, চলতি বছর তা কমে প্রায় ৩০ শতাংশে নেমে এসেছে।
আরও
পাশাপাশি, বন্দর ও সড়ক অবকাঠামোতে বড় বিনিয়োগ করেছে ওমান। এখন উপসাগরীয় অন্যান্য দেশগুলোর পণ্য আমদানির গুরুত্বপূর্ণ বিকল্প রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে এসব বন্দর। গত আগস্ট পর্যন্ত এক বছরে ওমানের বন্দরগুলোতে জাহাজ চলাচল ২৮ শতাংশ বেড়েছে।










